কলকাতা: দীর্ঘদিন ধরে নিরাপত্তাবাহিনীর নজরে থাকা সিপিআই (মাওবাদী)-র শীর্ষ নেতা অসীম মণ্ডল ওরফে আকাশকে গ্রেফতার করল কলকাতা পুলিশের বিশেষ টাস্ক ফোর্স।
পূর্ব মেদিনীপুরের পটাশপুরের লালাট এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে খবর, তাঁর কাছ থেকে পেনড্রাইভ, নথিপত্র, চিঠি সহ নগদ টাকা উদ্ধার হয়েছে।
পুলিশের দাবি, অসীম মণ্ডল সিপিআই (মাওবাদী)-র কেন্দ্রীয় কমিটির সদস্য ও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি-১-এর সম্পাদক ছিলেন।
বাংলা, ঝাড়খণ্ড ও ওড়িশার বিভিন্ন জঙ্গল এলাকায় দীর্ঘদিন ধরে মাওবাদী সংগঠনের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল বলে তদন্তকারীদের দাবি।
জানা গিয়েছে, ২০১২ সালের পর মাওবাদীদের একটি বড় অংশ ঝাড়খণ্ডের সারান্ডা ও ডালমা জঙ্গল এলাকায় চলে যায়।
পুলিশ সূত্রে দাবি, সেই সময় থেকে ঝাড়খণ্ডে সক্রিয় ছিলেন অসীম মণ্ডল। সেখানে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বিভিন্ন প্রতিবেদনে তাঁর বিরুদ্ধে তিন রাজ্য মিলিয়ে বহু মামলার কথা উল্লেখ করা হয়েছে।
অসীম মণ্ডলের বিরুদ্ধে ঝাড়খণ্ডে ১ কোটি টাকা ও ওড়িশায় ১ কোটি ২০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। অর্থাৎ তাঁর বিরুদ্ধে ঘোষিত মোট পুরস্কারের অঙ্ক ২ কোটি ২০ লক্ষ টাকা।
পুলিশের দাবি, সম্প্রতি তাঁর ঘনিষ্ঠ কয়েকজন মাওবাদী সদস্যকে ঝাড়খণ্ড থেকে গ্রেফতার করা হয়।
তাঁদের জিজ্ঞাসাবাদ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই অসীম মণ্ডলের গতিবিধি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় বলে জানা গিয়েছে।
সম্প্রতি পুষ্পা-সহ কয়েকজন মাওবাদী সদস্য আত্মসমর্পণ বা পুলিশের হাতে ধরা পড়ার পর তাঁদের সঙ্গে অসীম মণ্ডলের যোগাযোগের বিষয়টিও তদন্তে উঠে এসেছে।
পুষ্পার নেতৃত্বাধীন স্কোয়াডের সঙ্গে তাঁর যোগ ছিল কি না, সে বিষয়েও তদন্ত চলছে।
দীর্ঘদিন ধরে জঙ্গলমহল ও পার্শ্ববর্তী রাজ্যগুলিতে মাওবাদী সংগঠনের সঙ্গে যুক্ত থাকা এই নেতার গ্রেফতারিকে তদন্তকারীরা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন।















































