জলপাইগুড়ি: নির্দিষ্ট সময়ে বেতন প্রদান সহ পুজোর বোনাসের দাবিতে ফের জলপাইগুড়ি পৌরসভার গেট বন্ধ করে বিক্ষোভে সামিল হলেন অস্থায়ী কর্মীরা।
শনিবার হাতে ঝাড়ু, কোদাল-সহ বিভিন্ন কাজের সরঞ্জাম নিয়ে পৌরসভার গেটের সামনে অবস্থান বিক্ষোভ করেন প্রায় ৩৬০ জন অস্থায়ী কর্মী।
বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই নির্দিষ্ট সময়ে তাঁদের বেতন দেওয়া হচ্ছে না।
এর আগে একই দাবিতে আন্দোলনে নামলেও বারবার আশ্বাস ছাড়া সমস্যার স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ তাঁদের। চলতি মাসেও বেতন প্রদানের ক্ষেত্রে টালবাহানা করা হচ্ছে বলে দাবি করেন অস্থায়ী কর্মীরা।
অস্থায়ী কর্মীদের দাবি, প্রতি মাসে নির্দিষ্ট সময়ের মধ্যে বেতন দিতে হবে। পাশাপাশি পুজোর আগে তাঁদের বোনাসও প্রদান করতে হবে। দ্রুত দাবি পূরণ না হলে আগামী দিনেও পৌরসভার গেট বন্ধ করে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
অস্থায়ী কর্মীদের এই বিক্ষোভের জেরে শনিবার জলপাইগুড়ি পৌরসভার স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়।















































