নার্সিংহোমে গুদামঘরেই রোগীর অপেক্ষা! কোথাও নেই শৌচালয়, অগ্নিনিরাপত্তা নিয়েও প্রশ্ন!

নার্সিংহোমে স্বাস্থ্য কমিশনের হানা, একাধিক প্রতিষ্ঠানকে শোকজ

শিলিগুড়ি: বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলিতে রোগীদের ন্যূনতম পরিষেবা সহ প্রয়োজনীয় পরিকাঠামো রয়েছে কি না, তা খতিয়ে দেখতে শিলিগুড়িতে অভিযান চালাল রাজ্য স্বাস্থ্য কমিশন।

অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বিভিন্ন নার্সিংহোম পরিদর্শন করে একাধিক অনিয়ম ও পরিকাঠামোগত ঘাটতি নজরে আসে বলে জানা গিয়েছে।

পরিদর্শনের সময় কোথাও গুদামঘর বা বেসমেন্টের মতো জায়গায় রোগীদের বসিয়ে রাখার অভিযোগ সামনে আসে।

অনেক ক্ষেত্রেই সেখানে পর্যাপ্ত জায়গা, শৌচালয় কিংবা পানীয় জলের মতো ন্যূনতম পরিষেবার ব্যবস্থা ছিল না বলে কমিশনের পক্ষ থেকে অভিযোগ করা হয়।

রোগীদের ব্যবহারের জায়গার পাশে বৈদ্যুতিক যন্ত্রপাতি থাকায় নিরাপত্তা নিয়েও প্রশ্ন ওঠে। পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে দমকল দফতরের আধিকারিকদের ডাকা হয়।

পাশাপাশি শিলিগুড়ি পুরনিগমের প্রতিনিধিদেরও প্রয়োজনীয় বিষয়গুলি পরিদর্শনের জন্য ডাকা হয়।

অপ্রশস্ত ভবনের মধ্যে কীভাবে এতগুলি বেড নিয়ে নার্সিংহোম পরিচালিত হচ্ছে, তা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু।

কমিশনের নজরে আসে চিকিৎসকদের নথিপত্র সংক্রান্ত বিষয়ও।

একটি নার্সিংহোমে এক চিকিৎসকের রেজিস্ট্রেশন দেখতে চাওয়া হলে তিনি সেই মুহূর্তে তা দেখাতে পারেননি বলে জানা গিয়েছে।

এছাড়াও কয়েকটি চেম্বার ও সাইনবোর্ডে চিকিৎসকদের রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ না থাকার বিষয়টিও কমিশনের নজরে আসে।

অভিযানের পর একাধিক নার্সিংহোমকে বিভিন্ন অনিয়মের বিষয়ে শোকজ করেছে স্বাস্থ্য কমিশন।

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলিকে পরিকাঠামোগত ঘাটতি দূর করে আইন অনুযায়ী সমস্ত নিয়ম মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু জানান, রোগীদের ন্যূনতম পরিষেবা সহ নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলিকে প্রয়োজনীয় সংশোধনের নির্দেশ দেওয়ার পাশাপাশি পরিস্থিতি কতটা উন্নত হয়েছে, তা খতিয়ে দেখতে ফের পরিদর্শন করা হবে বলেও জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here