৩ মাওবাদী নেতার আত্মসমর্পণ, অস্ত্র ছেড়ে মূল স্রোতে ফেরার বার্তা!

বাঁকুড়া: বাঁকুড়ায় আত্মসমর্পণ করলেন মাওবাদী সংগঠনের তিন শীর্ষ নেতা-নেত্রী।

বাঁকুড়া পুলিশ লাইনের কনফারেন্স হলে রাজ্য পুলিশের এডিজি আনন্দ কুমারের কাছে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেন জবা মাহাতো, নয়নতারা সাহু ও রামপ্রসাদ মান্ডি ওরফে শচীন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জবা মাহাতো ও নয়নতারা সাহু মাওবাদী সংগঠনের জোনাল কমিটির সদস্যা ছিলেন।

অন্যদিকে রামপ্রসাদ মান্ডি বাংলা-ঝাড়খণ্ড-ওড়িশা রিজিওনাল কমিটির কমান্ডার হিসেবে কাজ করতেন বলে দাবি পুলিশের। তিনজনই ২০০৬ সালের আশপাশে মাওবাদী সংগঠনে যোগ দিয়েছিলেন।

পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে মাওবাদী সংগঠনের সঙ্গে যুক্ত থাকার সময় রাজ্য-সহ পার্শ্ববর্তী বিভিন্ন রাজ্যে তিনজনের বিরুদ্ধে ৮০টিরও বেশি মামলা রয়েছে।

এর মধ্যে রাষ্ট্রদ্রোহ, অস্ত্র আইন-সহ একাধিক ধারায় মামলা রয়েছে বলে জানা গিয়েছে।

এদিন আত্মসমর্পণের সময় তিনজনের কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি ইনসাস রাইফেল এবং একটি একে-৪৭।

এছাড়াও পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে ১০টি ম্যাগাজিন ও ১৫৪ রাউন্ড কার্তুজ।

পুলিশ সূত্রে দাবি, ওই আগ্নেয়াস্ত্রগুলি বিভিন্ন সময় পুলিশের কাছ থেকে ছিনতাই করেছিল মাওবাদীরা।

আত্মসমর্পণকারী তিন মাওবাদীর দাবি, একসময় জঙ্গলমহলের প্রতি বঞ্চনার অভিযোগ থেকেই তাঁরা অস্ত্র হাতে তুলে নিয়ে জঙ্গলের জীবন বেছে নিয়েছিলেন।

তবে বর্তমানে সশস্ত্র আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের পথকে তাঁরা ভুল বলে মনে করছেন।

সেই কারণেই অস্ত্র ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরতে চান বলে জানান তাঁরা।

এদিকে দেশজুড়ে মাওবাদী বিরোধী অভিযানের মধ্যেই এই আত্মসমর্পণকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে পুলিশ।

রাজ্য পুলিশের এডিজি আনন্দ কুমার জানান, আত্মসমর্পণকারী তিনজন যাতে সরকারের আত্মসমর্পণ ও পুনর্বাসন প্যাকেজের সুবিধা পান, তার জন্য স্ক্রিনিং কমিটির কাছে আবেদন জানাবে রাজ্য পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here