শিলিগুড়ি: প্রিপেড স্মার্ট মিটার বসানোর পরিকল্পনার প্রতিবাদ এবং সাধারণ গ্রাহকদের জন্য ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার দাবিতে শিলিগুড়িতে স্মারকলিপি জমা দিল ‘ইলেকট্রিসিটি স্টেকহোল্ডার ইউনিটি অ্যান্ড প্রোটেকশন’ সংগঠন।
বৃহস্পতিবার দুই মাইল পাওয়ার হাউসে ডব্লিউবিএসইডিসিএল-এর দার্জিলিং রিজিওনাল দপ্তরে গিয়ে রিজিওনাল ম্যানেজারের হাতে পাঁচ দফা দাবিসংবলিত স্মারকলিপি তুলে দেন সংগঠনের সদস্যরা।
সংগঠনের দার্জিলিং জেলা আহ্বায়ক প্রদীপ কুণ্ডু জানান, প্রিপেড স্মার্ট মিটার চালুর মাধ্যমে বিদ্যুৎ পরিষেবাকে ধীরে ধীরে বেসরকারিকরণের দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে তাঁদের আশঙ্কা।
এর ফলে বিদ্যুৎ পরিষেবা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি কর্মীদের কর্মসংস্থান নিয়েও অনিশ্চয়তা তৈরি হতে পারে বলে দাবি করেন তিনি।
জনস্বার্থে বিদ্যুৎ ব্যবস্থা সরকারি নিয়ন্ত্রণেই রাখার দাবি জানানো হয়েছে।
স্মারকলিপিতে সাধারণ গ্রাহকদের জন্য ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ ও বিদ্যুতের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার দাবিও জানানো হয়েছে।
গ্রাহক স্বার্থের পাশাপাশি কর্মীদের বিভিন্ন সমস্যার কথাও স্মারকলিপিতে তুলে ধরা হয়।
স্থায়ী ও অস্থায়ী কর্মীদের বেতন কাঠামো পুনর্বিন্যাসের দাবি জানানো হয়েছে।
সংগঠনের অভিযোগ, স্থায়ী কর্মীদের বেতন কাঠামোয় পরিবর্তন হলেও অস্থায়ী কর্মীদের ক্ষেত্রে সেই অনুযায়ী বেতন বৃদ্ধি হচ্ছে না।
এছাড়াও বিদ্যুৎ দফতরের শূন্যপদে দ্রুত কর্মী নিয়োগ ও দীর্ঘদিন ধরে অস্থায়ী বা ঠিকাদার হিসেবে কাজ করা কর্মীদের স্থায়ী পদে নিয়োগের দাবিও জানানো হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রাহক স্বার্থ, কর্মীদের অধিকার সহ বিদ্যুৎ পরিষেবাকে সরকারি নিয়ন্ত্রণে রাখার দাবিতেই এই পাঁচ দফা স্মারকলিপি দেওয়া হয়েছে।














































