ভোররাতে তকদা হাসপাতালে ভয়াবহ ধস, ধ্বংসস্তূপে চাপা কেয়ারটেকারকে জীবিত উদ্ধার!

দার্জিলিং: ভোররাতে পাহাড়ি ধস নেমে আতঙ্ক ছড়াল দার্জিলিংয়ের তকদা রুরাল হাসপাতাল চত্বরে।

শুক্রবার ভোর সাড়ে ৩টা নাগাদ হাসপাতালের একটি অংশে আচমকা ধস নামে।

ধসের জেরে হাসপাতালের ভিতরে থাকা ছয়জনের মধ্যে একজন রোগীর কেয়ারটেকার ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যান।

ঘটনার খবর পেয়েই দ্রুত উদ্ধারকাজ শুরু করেন স্থানীয় উদ্ধারকারী দল। বেশ কিছুক্ষণ ধরে ধ্বংসস্তূপ সরানোর পর ওই কেয়ারটেকারকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়।

পরে তাঁকে চিকিৎসার জন্য দার্জিলিং হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানা গিয়েছে।

এদিকে ধস নামার পর হাসপাতালের ভিতরে থাকা বাকি পাঁচজন কোনওরকমে নিরাপদে বেরিয়ে আসেন।

স্থানীয় সূত্রে খবর, তাঁদের কারও আঘাত লাগেনি।

তকদা রুরাল হাসপাতালটি রংলি রংলিয়ট ব্লকের অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি স্বাস্থ্যকেন্দ্র।

দার্জিলিং শহর থেকে প্রায় ২৮ কিলোমিটার দূরে অবস্থিত এই হাসপাতালটি পাহাড়ি এলাকার বহু মানুষের চিকিৎসার অন্যতম ভরসাস্থল।

ভোরের এই ঘটনায় হাসপাতাল চত্বরে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। ধসের কারণে হাসপাতাল ভবনের কতটা ক্ষতি হয়েছে, ভবনের আরও কোনও অংশ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি উদ্ধার হওয়া কেয়ারটেকারের বর্তমান শারীরিক অবস্থাও পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ঘটনাকে ঘিরে জেলা প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষের বিস্তারিত রিপোর্টের অপেক্ষায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা।

পাহাড়ে বৃষ্টি অব্যাহত থাকলে নতুন করে ধস নামার আশঙ্কাও রয়েছে বলে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here