মালবাজার: বিদেশি, বিশেষ করে আফগান নাগরিকদের ভুয়ো পাসপোর্ট তৈরিতে নকল জন্ম ও মৃত্যুর শংসাপত্র তৈরির অভিযোগে ফের গ্রেফতার হলেন মালবাজার পুরসভার কর্মী প্রসেনজিৎ দত্ত।
কালিম্পং থানার পুলিশ মালবাজারে এসে মালবাজার থানার সহায়তায় তাঁকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এর আগেও একই ধরনের অভিযোগে ২০২৪ সালের ডিসেম্বর মাসে প্রসেনজিৎ দত্তকে গ্রেফতার করা হয়েছিল। পরে তিনি জামিনে মুক্তি পান।
এবার কালিম্পং থানায় দায়ের হওয়া একটি মামলার তদন্তে তাঁর নাম উঠে আসার পর ফের তাঁকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ডিসেম্বরেই মালবাজার পুরসভার তৎকালীন চেয়ারম্যান স্বপন সাহা প্রসেনজিৎ দত্তের বিরুদ্ধে মালবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন।
চেয়ারম্যানের ডিজিটাল স্বাক্ষর অপব্যবহার করে নথি তৈরি করা হয়েছে বলেও সেই সময় অভিযোগ ওঠে। বর্তমানে স্বপন সাহা নিজেও বিভিন্ন অভিযোগে প্রায় আড়াই মাস ধরে জেলে রয়েছেন।
কালিম্পং থানা সূত্রে খবর, চলতি মাসের ১৮ তারিখ এক সন্দেহভাজন আফগান নাগরিককে গ্রেফতার করা হয়।
তাকে জিজ্ঞাসাবাদ করে তার ভূ-আধার কার্ড সহ প্যান কার্ড সংক্রান্ত তথ্যের হদিস মেলে বলে পুলিশ সূত্রের দাবি।
তদন্তে জানা যায়, মালবাজার পুরসভা থেকে তৈরি করা নকল জন্ম শংসাপত্রের ভিত্তিতে ওই নথিগুলি তৈরি করা হয়েছিল বলে অভিযোগ।
এরপরই তদন্তের সূত্র ধরে মালবাজারে পুলিশি অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
পরে কালিম্পং থানার একটি দল মালবাজারে পৌঁছে স্থানীয় পুলিশের সহায়তায় প্রসেনজিৎ দত্তকে গ্রেফতার করে।
পুলিশের তদন্তে আরও উঠে এসেছে, মেটেলি থানা এলাকার এক ব্যক্তি এই গোটা প্রক্রিয়ায় এজেন্ট হিসেবে কাজ করেছিলেন বলে অভিযোগ।
ওই ব্যক্তির সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ। ঘটনার সঙ্গে আরও কারা জড়িত, কীভাবে ভুয়ো নথি তৈরি করা হত ও এর মাধ্যমে কতজন বিদেশি নাগরিককে নথি পাইয়ে দেওয়া হয়েছে, তা খতিয়ে দেখছে তদন্তকারীরা।















































