বাঁকুড়া: গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ব্রাউন সুগার উদ্ধার করল বাঁকুড়া জেলা পুলিশ।
নিষিদ্ধ মাদকদ্রব্য রাখা ও বিক্রির অভিযোগে স্বামী-স্ত্রী সহ তিনজনকে গ্রেফতার করেছে বাঁকুড়া সদর থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ার বিডিআর রেল বস্তি এলাকার একটি বাড়িতে মাদকদ্রব্য মজুত ও বিক্রির খবর পেয়ে গতকাল রাতে অভিযান চালানো হয়।
অভিযানে ওই বাড়ি থেকে প্রায় ৯ গ্রাম ব্রাউন সুগার ও নগদ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি।
এই ঘটনায় সুনীল সিংহ ওরফে বুধন, তাঁর স্ত্রী মিতালি সিংহ ও তাঁদের এক সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশের প্রাথমিক অনুমান, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় নিষিদ্ধ মাদকদ্রব্যের কারবার চলছিল।
ধৃতদের বিরুদ্ধে মাদক সংক্রান্ত আইনে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে বাঁকুড়া সদর থানার পুলিশ।
এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না ও উদ্ধার হওয়া মাদক কোথা থেকে আনা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।















































