ব্রিজের নিচে জল জমে দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা
দুর্গাপুর: টানা কয়েকদিনের নিম্নচাপের জেরে ভারী বৃষ্টিতে দুর্গাপুরের একাধিক এলাকায় জলাবদ্ধতার পরিস্থিতি তৈরি হয়েছে। কোথাও রাস্তায় জল জমে ব্যাহত হচ্ছে যান চলাচল, আবার কোথাও জল পেরিয়েই যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে।
এরই মধ্যে দুর্গাপুরের ২৩ নম্বর ওয়ার্ডের এমএমসি এলাকার ব্রিজের নিচে জমে থাকা জলের কারণে চরম সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।
ব্রিজের নিচের রাস্তা জলমগ্ন হয়ে পড়ায় বাধ্য হয়ে সেই জল পেরিয়েই চলাচল করতে হচ্ছে তাঁদের।
দীর্ঘক্ষণ ধরে জল জমে থাকায় এলাকায় ক্ষোভও দেখা দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, জল দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা না হলে দুর্ভোগ আরও বাড়তে পারে।
দ্রুত জমা জল সরিয়ে স্বাভাবিক যাতায়াতের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তাঁরা।















































