নির্মল বাংলার ১০ হাজার বালতি উদ্ধার!

গোডাউনে পুলিশের হানা, প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে উঠল অভিযোগ

হাওড়া: হাওড়া মিউনিসিপাল কর্পোরেশনের ‘নির্মল বাংলা’ প্রকল্পের জন্য বরাদ্দ প্রায় ১০ হাজারেরও বেশি বালতি উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়ায়।

তেলকল ঘাট এলাকার একটি গোডাউনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বালতি উদ্ধার করেছে হাওড়া থানার পুলিশ।

কর্পোরেশনের পক্ষ থেকে এলাকার বাসিন্দাদের বর্জ্য পৃথকীকরণ ও আবর্জনা ফেলার জন্য নীল ও সবুজ রঙের বালতি বিলি করা হয়েছিল।

অভিযোগ, সেই বালতিগুলিই তেলকল ঘাটের একটি গোডাউনে মজুত করে রাখা হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোডাউন থেকে ১০ হাজারেরও বেশি বালতি উদ্ধার হয়েছে।

প্রাথমিক তদন্তে অভিযোগ উঠেছে, ২৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শৈলেশ রায়ের আমলে ওই বালতিগুলি বিলির জন্য আনা হয়েছিল। পরবর্তীতে সেগুলি কর্পোরেশনে জমা দেওয়া হয়নি বলেও অভিযোগ উঠেছে।

অন্যদিকে, আরও গুরুতর অভিযোগ করেছেন শাসকদলের কর্মী অম্বুজ শর্মা।

তাঁর অভিযোগ, বালতিগুলির গায়ে থাকা ‘নির্মল বাংলা’ প্রকল্পের লোগো ও লেখা মুছে সেগুলি বাজারে পুনরায় বিক্রির পরিকল্পনা করা হয়েছিল।

ঘটনায় প্রকৃতপক্ষে কারা জড়িত ও উদ্ধার হওয়া বালতিগুলি কীভাবে ওই গোডাউনে পৌঁছল, তা খতিয়ে দেখছে হাওড়া থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here