বিপদসীমার উপর ডুলুং নদীর জল, কজওয়ে দিয়ে বন্ধ যান চলাচল
ঝাড়গ্রাম: দু’দিনের টানা বৃষ্টি ও নিম্নচাপের জেরে কার্যত বিপর্যস্ত ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের বিস্তীর্ণ এলাকা। লাগাতার বৃষ্টিতে একাধিক নিচু এলাকা জলমগ্ন হওয়ার পাশাপাশি ডুলুং নদীর জলস্তরও দ্রুত বেড়েছে।
চিল্কিগড়ের গুরুত্বপূর্ণ কজওয়ের উপর দিয়ে বিপদসীমার উপর দিয়ে বইছে নদীর জল। ফলে ওই পথে যান চলাচল কার্যত বন্ধ হয়ে পড়েছে।
কজওয়ের দু’প্রান্তে আটকে পড়েছে একের পর এক পণ্যবাহী লরি। জলস্তর ও স্রোতের পরিস্থিতি দেখে ঝুঁকি নিয়ে পারাপার করতে চাইছেন না গাড়ির চালকেরা। ফলে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে লরি চালকদের। ব্যাহত হয়েছে পণ্য পরিবহণও।
চিল্কিগড়ের এই কজওয়ে জামবনি ব্লকের মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগপথ।
প্রতিদিন পণ্যবাহী গাড়ি, যাত্রীবাহী যান থেকে শুরু করে জরুরি পরিষেবার গাড়িও এই রাস্তা ব্যবহার করে। কিন্তু নদীর জল কজওয়ের উপর দিয়ে বইতে শুরু করায় স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে।
সবচেয়ে বড় সমস্যা তৈরি হয়েছে জরুরি চিকিৎসা পরিষেবা নিয়ে। চিল্কিগড় হাসপাতাল থেকে কোনও রোগীকে উন্নত চিকিৎসার জন্য ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করতে হলে সরাসরি কজওয়ে দিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না।
ফলে বাধ্য হয়ে ঘুরপথে রোগীদের নিয়ে যেতে হচ্ছে অ্যাম্বুল্যান্সকে। এতে যেমন যাত্রার দূরত্ব বাড়ছে, তেমনই অতিরিক্ত সময়ও লাগছে।
স্থানীয়দের দাবি, বর্ষাকাল কিংবা অতিবৃষ্টির সময় ডুলুং নদীর জল বেড়ে চিল্কিগড়ের কজওয়ে প্লাবিত হওয়ার ঘটনা নতুন নয়। তবে এবারের নিম্নচাপের জেরে পরিস্থিতি আরও জটিল হয়েছে। বৃষ্টি আরও বাড়লে জলস্তর আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করছেন এলাকাবাসী।















































