মালবাজার: বকেয়া বেতন, বোনাস-সহ বিভিন্ন সুযোগ-সুবিধা মেটানোর দাবিতে পথ অবরোধে সামিল হলেন চা শ্রমিকরা।
মঙ্গলবার জলপাইগুড়ি জেলার মেটেলি থানার শোনগাছি চা বাগানের শ্রমিকরা ১৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান।
শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁরা বেতন, বকেয়া বোনাস সহ অন্যান্য প্রাপ্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন।
একাধিকবার বিষয়টি নিয়ে দাবি জানানো হলেও সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ।
এরই প্রতিবাদে মঙ্গলবার সকালে শ্রমিকরা জাতীয় সড়কে নেমে পথ অবরোধ করেন।
প্রায় এক ঘণ্টা ধরে চলে এই অবরোধ। এর জেরে ১৭ নম্বর জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয় ও দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মেটেলি থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে পরে অবরোধ ওঠে ও ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল।
শ্রমিকদের দাবি, দ্রুত তাঁদের বকেয়া বেতন, বোনাস সহ অন্যান্য প্রাপ্য সুযোগ-সুবিধা মিটিয়ে দিতে হবে।















































