ড্রোনে ধানের জমিতে কীটনাশক স্প্রে! কৃষিকাজে আধুনিক প্রযুক্তির ব্যবহার!

শ্রমিক খরচ কমানোর পাশাপাশি বিষাক্ত পোকামাকড় ও সাপের ঝুঁকি এড়ানোর উদ্যোগ, খুশি চাষিরা

হিঙ্গলগঞ্জ: কৃষিকাজে শ্রমিক নির্ভরতা কমিয়ে খরচ সাশ্রয় এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে উদ্যোগ নিল কৃষি দপ্তর।

সুন্দরবনের হিঙ্গলগঞ্জ কৃষি মান্ডিতে ব্যাটারিচালিত ড্রোনের মাধ্যমে ধানের জমিতে কীটনাশক স্প্রে করে দেখানো হল।

কৃষি দপ্তরের আধিকারিক এনামূল পয়লান ও সহকারী কৃষি অধিকর্তার উপস্থিতিতে এই প্রদর্শন করা হয়। বর্তমানে ধানের জমিতে পোকামাকড়ের উপদ্রব কমাতে চাষিদের নিয়মিত কীটনাশক স্প্রে করতে হয়। এতদিন শ্রমিক দিয়ে এই কাজ করাতে গিয়ে চাষিদের অতিরিক্ত খরচ বহন করতে হত। পাশাপাশি জমিতে গিয়ে স্প্রে করার সময় সাপ ও বিষাক্ত পোকামাকড়ের ঝুঁকিও থেকে যায়।

কৃষি দপ্তরের উদ্যোগে ব্যবহৃত ব্যাটারিচালিত ড্রোনের মাধ্যমে একবারে ১০ লিটার জল নিয়ে প্রায় তিন বিঘা জমিতে কীটনাশক স্প্রে করা সম্ভব বলে জানানো হয়েছে।

ফলে জমিতে না নেমে রাস্তা বা জমির ধারে দাঁড়িয়েই চাষিরা নিজেদের জমিতে স্প্রে করতে পারবেন। এতে সময় ও শ্রম – দুই-ই সাশ্রয় হবে বলে মনে করছেন কৃষকরা।

এই আধুনিক পদ্ধতি দেখে খুশি হিঙ্গলগঞ্জের চাষিরা। কৃষক পরিতোষ মুন্ডা জানান, কৃষিকাজে এমন প্রযুক্তির ব্যবহার তাঁদের জন্য অত্যন্ত সুবিধাজনক। এই উদ্যোগের জন্য তিনি সরকারকে ধন্যবাদ জানান।

ড্রোনের মাধ্যমে জমিতে স্প্রে সংক্রান্ত পরিষেবা ও বিস্তারিত তথ্যের জন্য হিঙ্গলগঞ্জ কৃষাণ মান্ডির কৃষি দপ্তরের অফিসে যোগাযোগ করতে পারবেন চাষিরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here