প্রায় এক লক্ষ চায়ের কাপে তৈরি হচ্ছে দুর্গাপুজোর প্যান্ডেল!

অভিনব থিম ‘আগমনী’, মণ্ডপ তৈরিতে হাত লাগিয়েছেন স্থানীয় শিল্পীরা

ইসলামপুর: চায়ের কাপেই এবার ফুটে উঠছে দুর্গাপুজোর মণ্ডপ। শুনতে অবাক লাগলেও এমনই অভিনব ভাবনায় উত্তর দিনাজপুরের ইসলামপুরে তৈরি হচ্ছে দুর্গাপুজোর প্যান্ডেল।

প্রায় এক লক্ষ চায়ের কাপ ব্যবহার করে মণ্ডপ তৈরির উদ্যোগ নিয়েছে নিউ টাউন সার্বজনীন দুর্গোৎসব পরিচালনায় অভিযাত্রী ক্লাব।

এবছর ৬৭তম বর্ষে পা দিয়েছে এই পুজো। এবারের থিম ‘আগমনী’। প্রায় পাঁচ লক্ষ টাকা বাজেটে আয়োজিত হচ্ছে পুজো। তবে বাইরের নামী শিল্পীদের পরিবর্তে মণ্ডপ তৈরির পুরো দায়িত্ব দেওয়া হয়েছে স্থানীয় শিল্পীদের হাতে।

একটির পর একটি চায়ের কাপ নির্দিষ্ট নকশায় সাজিয়ে তৈরি করা হচ্ছে মণ্ডপের বিভিন্ন অংশ। সাধারণ চায়ের কাপ শিল্পীর হাতের ছোঁয়ায় ধীরে ধীরে বদলে যাচ্ছে নান্দনিক স্থাপত্যে। হাজার হাজার কাপের সমন্বয়ে তৈরি হচ্ছে পুজো মণ্ডপের কাঠামো।

ফলে মণ্ডপের অভিনবত্বের পাশাপাশি তার নির্মাণ পদ্ধতিও দর্শনার্থীদের বিশেষভাবে আকর্ষণ করবে বলে আশা উদ্যোক্তাদের।

পুজো উদ্যোক্তাদের বক্তব্য, স্থানীয় শিল্পীদের কাজে উৎসাহ দেওয়ার পাশাপাশি অভিনব ভাবনার মাধ্যমে দর্শনার্থীদের সামনে নতুন কিছু তুলে ধরাই তাঁদের লক্ষ্য। পুজোর দিনগুলিতে এই অভিনব মণ্ডপ দেখতে ইসলামপুরে দর্শনার্থীদের ভিড় কতটা বাড়ে, এখন সেদিকেই নজর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here