ইসলামপুর: খাসির মাংসের নামে সাধারণ ক্রেতাদের কাছে ছাগলের মাংস বিক্রির অভিযোগ তুলে ইসলামপুর শহরের বিভিন্ন মাংসের দোকানে অভিযান চালাল বিজেপি নেতৃত্ব।
রবিবার এই অভিযানে নেতৃত্ব দেন বিজেপির ইসলামপুর নগর মণ্ডলের সভাপতি তথা ইসলামপুর বিধানসভার বিজেপি প্রার্থী চিত্রজিৎ রায়।
তাঁর সঙ্গে উপস্থিত ছিলো নগর মণ্ডলের সহ-সভাপতি প্রকাশ পাল-সহ অন্যান্য বিজেপি নেতা ও কর্মীরা।
বিজেপি নেতৃত্বের দাবি, শহরের একাধিক খাসির মাংসের দোকানে ক্রেতাদের কাছ থেকে বেশি দাম নেওয়া হচ্ছে ও খাসির মাংসের পরিবর্তে ছাগলের মাংস বিক্রি করা হচ্ছে।
এই অভিযোগের ভিত্তিতে শহরের বিভিন্ন এলাকায় থাকা মাংসের দোকানগুলি পরিদর্শন করেন তাঁরা।
অভিযান চলাকালীন সাধারণ মানুষকেও সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানান বিজেপি নেতারা।
চিত্রজিৎ রায় জানান, বিষয়টি নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হবে ও প্রয়োজনীয় তদন্তের দাবি জানানো হবে।
এই ঘটনাকে কেন্দ্র করে ইসলামপুরে চাঞ্চল্য ছড়িয়েছে।
এখন দেখার বিষয়, বিজেপির এই অভিযানের পর প্রশাসন কী পদক্ষেপ গ্রহণ করে ও শহরের মাংস ব্যবসায় কোনও পরিবর্তন আসে কি না।















































