ওড়িশা: বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় আকভানকে ঘিরে উদ্বেগ বাড়ছে। শুক্রবার সকাল থেকেই ওড়িশার উপকূলে শুরু হয়েছে ঘূর্ণিঝড়টির স্থলভাগে প্রবেশের প্রক্রিয়া বা ল্যান্ডফল।
ভারতীয় আবহাওয়া দফতরের (IMD) সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, এই প্রক্রিয়া সম্পূর্ণ হতে প্রায় তিন ঘণ্টা সময় লাগতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে ইতিমধ্যেই উত্তাল হয়ে উঠেছে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী সমুদ্র। একাধিক এলাকায় জারি করা হয়েছে লাল সতর্কতা।
স্থলভাগে প্রবেশের আগেই শক্তি কিছুটা হারিয়েছে ঘূর্ণিঝড় আকভান। অতি প্রবল ঘূর্ণিঝড়ের পর্যায় থেকে শক্তি কমে বর্তমানে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। তবে শক্তি কমলেও বিপদ পুরোপুরি কাটেনি। প্রবল বৃষ্টি, ঝোড়ো হাওয়া এবং উপকূলবর্তী এলাকায় জল জমার আশঙ্কা রয়েছে। বিশেষ করে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশার বিস্তীর্ণ এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশার উপকূলবর্তী অঞ্চলে গোপালপুরের কাছাকাছি স্থলভাগে প্রবেশ করছে ঘূর্ণিঝড়টি।
শুক্রবার সকাল ৭টা ৪০ মিনিট নাগাদ ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গিয়েছে। এই প্রক্রিয়া সম্পূর্ণ হতে আনুমানিক তিন ঘণ্টা সময় লাগতে পারে।
শুক্রবার ভোরে ঘূর্ণিঝড়টির অবস্থান ছিল পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে। গত ছয় ঘণ্টায় ঘণ্টায় প্রায় ২১ কিলোমিটার গতিতে উত্তর-উত্তর-পশ্চিম দিকে এগিয়েছে সেটি। গোপালপুর থেকে প্রায় ১৩০ কিলোমিটার ও অন্ধ্রপ্রদেশের কলিঙ্গপত্তনম থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে অবস্থান করছিল ঘূর্ণিঝড়ের কেন্দ্র।
স্থলভাগে প্রবেশের সময় ঘূর্ণিঝড়টির গতিবেগ ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার থাকতে পারে। দমকা হাওয়ার সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার পর্যন্ত পৌঁছনোর আশঙ্কা রয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে পুরী-সহ ওড়িশার উপকূলবর্তী এলাকাগুলির পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন।














































