প্রাকৃতিক দুর্যোগে স্থগিত কৃষ্ণনগরের বুড়িমার নিরঞ্জন, সংশয়ে শান্তিপুরের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রাও!

নদিয়া: একটানা বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগের জেরে নদিয়ার দুই ঐতিহ্যবাহী উৎসবের নিরঞ্জন ও শোভাযাত্রা ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। প্রবল বৃষ্টির কারণে স্থগিত রাখা হয়েছে কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী বুড়িমার প্রতিমা নিরঞ্জন।

অন্যদিকে, শান্তিপুরের সূত্রাগড় এলাকার ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজোর নিরঞ্জন শোভাযাত্রাও পিছিয়ে আগামী ২১ নভেম্বর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আগামীকাল শান্তিপুরে মুখ্যমন্ত্রীর সম্ভাব্য আগমন ও আবহাওয়ার পরিস্থিতির উপর নির্ভর করছে শোভাযাত্রার চূড়ান্ত সিদ্ধান্ত।

গতকাল সকাল থেকে নদিয়ার বিভিন্ন এলাকায় শুরু হয়েছে অবিরাম বৃষ্টি। শুক্রবারও পরিস্থিতির বিশেষ উন্নতি না হওয়ায় সমস্যায় পড়েছেন পুজো উদ্যোক্তারা। শান্তিপুরের সূত্রাগড় এলাকার জগদ্ধাত্রী পুজোর নিরঞ্জন শুক্রবার হওয়ার কথা থাকলেও পুজো কমিটিগুলির আবেদনের ভিত্তিতে পুলিশ প্রশাসন ও বিধায়কের সিদ্ধান্তে তা পিছিয়ে দেওয়া হয়েছে।

আগামী ২১ নভেম্বর নিরঞ্জনের দিন ধার্য করা হয়েছে। তবে প্রাকৃতিক দুর্যোগ এবং মুখ্যমন্ত্রীর সম্ভাব্য শান্তিপুর সফরের বিষয়টি মাথায় রেখে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।

এ প্রসঙ্গে শান্তিপুরের বিধায়ক স্বপন কুমার দাস জানিয়েছেন, প্রাকৃতিক দুর্যোগের উপর কারও নিয়ন্ত্রণ নেই।

পরিস্থিতির উপর নির্ভর করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি সুউচ্চ মণ্ডপ নির্মাতাদের বিশেষ সতর্ক থাকার আবেদন জানিয়েছেন তিনি। বিদ্যুতের তার ও অন্যান্য নিরাপত্তার বিষয়েও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। শুধু জগদ্ধাত্রী পুজো নয়, রাস উৎসবের ক্ষেত্রেও পুজো উদ্যোক্তাদের অসুবিধার প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন বিধায়ক।

অন্যদিকে, একই পরিস্থিতির কারণে কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী বুড়িমার প্রতিমা নিরঞ্জনও স্থগিত রাখা হয়েছে। পুজো সম্পন্ন হওয়ার পাশাপাশি ঘট বিসর্জন হলেও প্রবল বৃষ্টির কারণে প্রতিমা নিয়ে শোভাযাত্রা বের করা সম্ভব হয়নি। পুজো কমিটির সম্পাদক জানিয়েছেন, প্রবল বৃষ্টির মধ্যে ভক্তরা নিজেদের মাকে বাইরে নিয়ে যেতে চান না। তার উপর বুড়িমার প্রতিমায় বিপুল পরিমাণ বহুমূল্য সোনার অলংকার রয়েছে। এই প্রতিকূল আবহাওয়ায় শোভাযাত্রা বের করলে প্রতিমার অঙ্গহানি কিংবা অলংকারের ক্ষতির আশঙ্কা রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে আগামী দু-তিন দিন বৃষ্টির সম্ভাবনা থাকায় আপাতত আবহাওয়ার উন্নতির অপেক্ষায় রয়েছেন পুজো উদ্যোক্তারা। পরিস্থিতি স্বাভাবিক হলে আগামীকাল অথবা পরশু বুড়িমার নিরঞ্জন শোভাযাত্রা বের করা হতে পারে। যেহেতু ঘট বিসর্জন ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে, তাই প্রতিমাকে মায়ের পাট থেকে নামিয়ে মন্দিরের নির্দিষ্ট স্থানে রাখা হবে বলে জানিয়েছে পুজো কমিটি।

গোটা প্রক্রিয়ায় স্থানীয় প্রশাসন পুজো কমিটিকে সহযোগিতা করছে। বুড়িমার নিরঞ্জনের চূড়ান্ত দিন ও সময় সামাজিক মাধ্যমের মাধ্যমে ভক্তদের জানানো হবে বলে পুজো কমিটি সূত্রে খবর।

সব মিলিয়ে প্রাকৃতিক দুর্যোগের জেরে নদিয়ার দুই ঐতিহ্যবাহী উৎসবের নিরঞ্জন ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এখন বৃষ্টি থামার অপেক্ষায় রয়েছেন উদ্যোক্তা থেকে শুরু করে অসংখ্য ভক্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here