এবার কর্মস্থলে নিজের পরিবারের সদস্যেরও টিকাকরণ করানো যাবে। আগের নির্দেশিকায় পরিবর্তন আনল কেন্দ্র। শনিবার নতুন নির্দেশিকা জারি করে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। সেখানে বলা হয়, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলিতে এবার থেকে কর্মীরা তাঁদের পরিবারের সদস্যদেরও টিকা দিতে পারবেন। এছাড়াও ঐ কর্মীর উপর নির্ভরশীল এমন ব্যক্তিকেও দেওয়া যাবে টিকা। ১৯ মে জারি করা আগের নির্দেশিকায় শুধু কর্মীদেরই টিকাকরণের কথা উল্লেখ ছিল।
সমস্ত রাজ্যের মুখ্যসচিবদের উদ্দেশে লেখা চিঠিতে স্বাস্থ্য মন্ত্রক উল্লেখ করেছে কর্মস্থলে কোভিড ভ্যাক্সিনেশন সেন্টারগুলি বেসরকারি হাসপাতালগুলির সঙ্গে যোগাযোগ করে তাঁদের কর্মীদের টিকার ডোজ দেওয়ার ব্যবস্থা করবে। আর সেই সেন্টারেই নিজের পরিবার ও নির্ভরশীল ব্যক্তিদের টিকাকরণ করাতে পারবেন উপার্জনশীল কর্মীরা।
আরও বলা হয়, সরকারি কর্মক্ষেত্রে ৪৫ বছর বা উর্ধ্বের কর্মীরা বিনামূল্যেই ভ্যাকসিন পাবেন। ১৮ থেকে ৪৪ বছরের ব্যক্তিরাও গণটিকাকরণ কর্মসূচিতে না নিতে পারলে কর্মস্থল থেকেও নিয়ে নিতে পারবেন টিকা।














































