মাটিগাড়া: নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ হতেই প্রচারে কোমর বেঁধে নেমেছে রাজনৈতিক দলগুলি।
মঙ্গলবার মাটিগাড়া ব্লকের ঐতিহ্যবাহী মাটিগাড়া হাটের দিনকে জনসংযোগের বড় সুযোগ হিসেবে কাজে লাগালেন কংগ্রেস প্রার্থী অমিতাভ সরকার।
উত্তরবঙ্গের অন্যতম প্রাচীন ও বৃহৎ এই হাট প্রতি মঙ্গলবার বসে।
সকাল থেকেই হাটে সাধারণ ক্রেতাদের পাশাপাশি দূর-দূরান্ত থেকে আসা ব্যবসায়ীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
এই বিপুল জনসমাগমকে সামনে রেখে হাটের অলিগলি ঘুরে প্রচার চালান প্রার্থী।
প্রচার চলাকালীন অমিতাভ সরকারকে ব্যবসায়ী ও খুচরো বিক্রেতাদের সঙ্গে সরাসরি কথা বলতে দেখা যায়।
তাঁদের সমস্যা, চাহিদা ও অভাব- অভিযোগ মন দিয়ে শোনেন তিনি।
হাটের ভিড়ের মধ্যে প্রার্থীর এই সরাসরি উপস্থিতি সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল ও আগ্রহ তৈরি করে।
প্রার্থীর দাবি, এই প্রচারে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া মিলেছে ও তাঁদের আশীর্বাদই তাঁর জয়ের পথ প্রশস্ত করবে। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, মাটিগাড়া – নকশালবাড়ি বিধানসভা এলাকায় রাজনৈতিক উত্তাপ যে ক্রমশ বাড়ছে, মঙ্গলবারের এই জনসমাগম তারই স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে।













































