শিলিগুড়ি: শিলিগুড়ির ঝংকার মোড় এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনার অভিযোগ সামনে এল।
এক যুবককে গাড়ি দিয়ে পিষে মারার চেষ্টা ও পরে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপি যুব মোর্চা (BJYM)-এর জেলা সভাপতি সৌরভ বসু সরকারের বিরুদ্ধে।
অভিযোগকারী নিরাজ কুমার সাহ জানান, গত ৭ এপ্রিল রাত প্রায় ১০টা ৫০ মিনিট নাগাদ তিনি মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন।
সেই সময় একটি সাদা বোলেরো গাড়ি দ্রুত গতিতে এসে তাঁকে ধাক্কা মারে।
তাঁর দাবি, এই ধাক্কা ইচ্ছাকৃত ছিল। আঘাতে তিনি রাস্তায় ছিটকে পড়ে অজ্ঞান হয়ে যান।
স্থানীয়দের সহায়তায় জ্ঞান ফেরার পর নিরাজ দেখেন, গাড়ি থেকে অভিযুক্ত ও তাঁর সঙ্গীরা নেমে আসেন।
অভিযোগ, তারা মদ্যপ অবস্থায় ছিলে ও আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরিবর্তে গালিগালাজ করতে থাকে। পরে পুলিশ আসছে বুঝতে পেরে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তারা।
বন্ধুর সহায়তায় নিরাজ সাহকে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়। এরপর বাড়ি ফেরার পরও অভিযুক্তের তরফে ফোন করে প্রাণনাশের হুমকি ও মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখানো হয় বলে অভিযোগ।
এই ঘটনার পর নিরাজ সাহ শিলিগুড়ি থানায় একটি এফআইআর দায়ের করেছে।
ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে।
অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত সৌরভ বসু সরকার।
তাঁর দাবি, ঘটনাটি সম্পূর্ণ পরিকল্পিত ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
তিনি বলেন, চালক ট্রাফিক নিয়ম ভেঙে দ্রুত গতিতে বাঁদিক দিয়ে ওভারটেক করতে গিয়ে নিজেই পড়ে যান।
তিনি ও তাঁর সঙ্গীরা নেমে আহত ব্যক্তিকে সাহায্য করার চেষ্টা করে ও হাসপাতালে পাঠানোর উদ্যোগ নেন বলেও দাবি করেন।
এছাড়াও সৌরভ বসু সরকারের অভিযোগ, ঘটনার পর তাঁকে ফোন করে টাকা দাবি করা হয়।
ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে উত্তেজনা ছড়িয়েছে, ও তদন্তের ফলাফলের দিকেই এখন তাকিয়ে সকলেই।













































