দার্জিলিং: দার্জিলিং, কালিম্পং, মিরিক ও কার্শিয়াং পাহাড়ি এলাকার প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে উন্নয়নমূলক একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা।
রবিবার দার্জিলিংয়ে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পালের উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠক।
উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, পাহাড়ের বিভিন্ন বিধায়ক, জেলা প্রশাসনের আধিকারিক সহ পুরসভার প্রতিনিধিরা।
বৈঠকে নারী ও শিশুকল্যাণ, পুর বিষয়ক দপ্তর, দুর্যোগ মোকাবিলা ও ব্যবস্থাপনা সহ বিভিন্ন প্রশাসনিক বিষয় পর্যালোচনা করা হয়।
মন্ত্রী অগ্নিমিত্রা পাল নারীর ক্ষমতায়ন, মানব পাচার রোধে কড়া পদক্ষেপ গ্রহণ ও পাচারচক্র নির্মূল করার ওপর বিশেষ জোর দেন।
পাশাপাশি সরকারি সামাজিক কল্যাণমূলক প্রকল্পের সুবিধা যাতে দ্রুত প্রত্যেক যোগ্য পরিবারের কাছে পৌঁছে যায়, সেই বিষয়েও নির্দেশ দেন।
পাহাড়ের বিভিন্ন পুরসভায় টেকসই কঠিন বর্জ্য ব্যবস্থাপনা চালু করা ও ডাম্পিং গ্রাউন্ড সংক্রান্ত সমস্যার সমাধানকে রাজ্য সরকারের অগ্রাধিকার বলে উল্লেখ করেন তিনি।
এছাড়া দার্জিলিং, কালিম্পং, মিরিক ও কার্শিয়াংয়ের জন্য শীঘ্রই নিকাশি পরিশোধন কেন্দ্র (এসটিপি)-র বিস্তারিত প্রকল্প রিপোর্ট (ডিপিআর) প্রস্তুত করা হবে বলেও জানান।
দার্জিলিং শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে দার্জিলিং-লেবং-রাঙ্গেরুং-তিন মাইল সার্কুলার রোড প্রকল্প ও বিকল্প জাতীয় সড়ক প্রকল্প দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয় বৈঠকে।
এছাড়া বিভিন্ন পুরসভায় অমৃত প্রকল্পের অগ্রগতি নিয়েও আলোচনা হয়।
কালিম্পংয়ের পানীয় জলের সংকট মোকাবিলায় অমৃত ২.০ প্রকল্পের আওতায় নেয়োরা হয়ে নতুন পাইপলাইন বসানো ও রেলি-থকচু প্রকল্পের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়।
পুরসভাগুলিতে স্বচ্ছতা বাড়াতে ভবিষ্যতে ডিজিটাল গভর্ন্যান্স চালু করা হবে বলেও ঘোষণা করেন মন্ত্রী।
এর ফলে বিল্ডিং প্ল্যান অনুমোদন সহ বিভিন্ন পরিষেবা আরও স্বচ্ছ ও দ্রুত হবে।











































