মালদা: মালদা জেলার অন্যতম প্রধান সমস্যা নদীভাঙন। সেই সমস্যাকেই নির্বাচনী প্রচারের মূল ইস্যু করে অভিনব প্রচারে নামলেন হরিশ্চন্দ্রপুর বিধানসভার বিজেপি প্রার্থী তথা প্রাক্তন সেনাকর্মী রতন দাস।
নদীপথে নৌকা চালিয়ে ভাঙন কবলিত এলাকায় পৌঁছে সরাসরি মানুষের সঙ্গে যোগাযোগ করে নজর কাড়লেন তিনি।
বৃহস্পতিবার দৌলতনগর অঞ্চলের গোবরাঘাট এলাকা থেকে নিজেই নৌকা চালিয়ে কর্মীদের নিয়ে ইসলামপুর অঞ্চলের ভাঙনপ্রবণ ভাজান্না, কাউয়াটোল, রশিদপুর ও ভাকুরিয়া এলাকায় যান রতন দাস।
সেখানে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে কথা বলেন এবং তাঁদের সমস্যার কথা শোনেন।
প্রচারে গিয়ে বিজেপি প্রার্থী প্রতিশ্রুতি দেন, ক্ষমতায় এলে ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাশাপাশি তিনি জানান, বিজেপি সরকার গঠিত হলে লক্ষ্মীর ভাণ্ডারের আর্থিক সহায়তা মাসিক তিন হাজার টাকায় উন্নীত করা হবে।
উল্লেখ্য, এর আগেও রতন দাস কখনও গরুর সেবা করে, কখনও গ্রাম্য যুবকদের সঙ্গে ক্রিকেট খেলে, আবার কখনও রাজমিস্ত্রিদের সঙ্গে বাড়ি তৈরির কাজে হাত লাগিয়ে অভিনব প্রচারে শিরোনামে এসেছেন।
এবার নৌকায় চেপে ভাঙন কবলিত এলাকায় পৌঁছে তাঁর এই প্রচার নতুন মাত্রা যোগ করল নির্বাচনী লড়াইয়ে।












































