ভোটের মুখে বিস্ফোরক অভিযোগ গৌতম দেব-এর, পাল্টা ক*টাক্ষ শঙ্কর ঘোষ!

শিলিগুড়ি: ভোটের আগে ক্রমশই বাড়ছে রাজনৈতিক উত্তাপ।

এই আবহেই গুরুতর অভিযোগ তুললেন শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী গৌতম দেব।

তিনি দাবি করেন, শহরে অশান্তি তৈরির পরিকল্পনা চলছে ও বাইরে থেকে লোক এনে পরিস্থিতি অস্থির করার চেষ্টা করা হচ্ছে।

তিনি অভিযোগ করেন, বিহার ও অসম থেকে দুষ্কৃতীদের বিশেষ ট্রেনের মাধ্যমে নিয়ে আসা হচ্ছে।

ইতিমধ্যেই শহরের বিভিন্ন হোটেল, লজ ও ধর্মশালায় তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে বলেও দাবি তাঁর।

গৌতম দেবের কথায়, “ভোট লুটের চেষ্টা হতে পারে, তাই আগেই পুলিশ প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে।”

এখানেই থেমে না থেকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দেন তিনি।

তাঁর ঘোষণা, “আমি রাস্তায় থাকবো। ৫০ হাজার সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বুথ পাহারা দেব।

প্রয়োজনে রক্ত দিয়ে গণতন্ত্র রক্ষা করবো, কিন্তু ভোট লুট হতে দেব না।”

পাশাপাশি নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সংস্থাগুলিকেও চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, “ক্ষমতা থাকলে আমাকে ‘টাচ’ করে দেখাবে।”

অন্যদিকে, এই অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ।

তাঁর দাবি, শিলিগুড়ির মানুষ জানেন গত কয়েক বছরে কারা আক্রান্ত হয়েছে ও কারা আইন-শৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থ হয়েছে।

ভোটারদের উদ্দেশে তাঁর বার্তা, “নিজেদের অভিজ্ঞতা দিয়ে বিচার করে ভোট দিন।”

ভোটের আগে পাল্টাপাল্টি অভিযোগে সরগরম শিলিগুড়ি-র রাজনৈতিক ময়দান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here