মালদা: রেল লাইনের পাশ থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল মালদা জেলার হবিবপুর থানার বুলবুলচন্ডী এলাকায়।
বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দারা রেল লাইনের ধারের ঝোপের মধ্যে ওই যুবকের দেহ পড়ে থাকতে দেখেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে কয়েকজন বাসিন্দার নজরে আসে দেহটি।
এরপরই খবর দেওয়া হয় স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য ও হবিবপুর থানার পুলিশকে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।
পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
প্রথমদিকে মৃত যুবকের পরিচয় জানা না গেলেও পরে পরিবারের সদস্যরা এসে দেহ শনাক্ত করেন।
মৃত যুবকের নাম গোপাল সরকার (২০)। সে হবিবপুর থানার আইহো এলাকার বাসিন্দা ও একটি দোকানে কর্মরত ছিলো।
পরিবারের অভিযোগ, বুধবার রাতে দোকানের প্রায় দুই লক্ষ টাকা নিয়ে বাড়ি ফিরছিলো গোপাল।
রাত নটার পর থেকে তাঁর সঙ্গে আর কোনও যোগাযোগ করা সম্ভব হয়নি।
পরিবারের দাবি, ছিনতাইয়ের উদ্দেশ্যেই তাঁকে খুন করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এটি খুনের ঘটনা হতে পারে। কী কারণে এই খুন ও এর পিছনে কারা জড়িত, তা খতিয়ে দেখছে হবিবপুর থানার পুলিশ।











































