দিনহাটা: কোচবিহারের দিনহাটা শহরে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য-এর রোড শোকে কেন্দ্র করে সোমবার বিকেলে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
জানা যায়, দিনহাটার পুটিমারী এলাকায় হেলিকপ্টারে পৌঁছন তিনি।
সেখান থেকে বিজেপি প্রার্থী অজয় রায়-এর সমর্থনে একটি রোড শোতে অংশ নেন।
রোড শোটি দিনহাটা কলেজ পাড়া এলাকায় পৌঁছতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
ওই এলাকায় অবস্থিত তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে দলীয় কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করেন।
পাল্টা বিজেপির কর্মী- সমর্থকরাও ‘জয় শ্রী রাম’ স্লোগান তোলেন।
দুই পক্ষের স্লোগান যুদ্ধেই মুহূর্তে চড়ে যায় উত্তেজনার পারদ।
তবে আগাম সতর্কতায় ঘটনাস্থলে মোতায়েন থাকা কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কোনও বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলেই প্রশাসন সূত্রে খবর।
পরবর্তীতে রোড শোটি নির্ধারিত কর্মসূচি অনুযায়ী দিনহাটা পাঁচ মাথা মোড়ে গিয়ে শেষ হয়।












































