শিলিগুড়ি: বিধানসভা নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই তৎপরতা বাড়ছে রাজনৈতিক দলগুলির প্রার্থীদের।
সকাল থেকে রাত পর্যন্ত জনসংযোগ, কর্মীদের সঙ্গে বৈঠক সব মিলিয়ে প্রচারের তীব্রতা এখন চরমে।
সকালের সূর্য উঠতেই প্রচারে নেমে পড়ছেন প্রার্থীরা।
শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেব ও বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ পাল্লা দিয়ে চালাচ্ছেন জনসংযোগ কর্মসূচি।
এদিন সকালে বাঘাযতীন পার্কে প্রাতঃভ্রমণকারীদের সঙ্গে দেখা করে জনসংযোগ করতে দেখা যায় বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে।
অন্যদিকে নিজের এলাকা ১৭ নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর ও দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে জনসংযোগে ব্যস্ত ছিলেন গৌতম দেব।
সাধারণ পথচারী ও প্রাতঃভ্রমণকারীদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করে ভোটের বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা চালান দুই প্রার্থীই।
এদিকে বাঘাযতীন পার্ক থেকে প্রণামী মন্দির রোডের পথে যাওয়ার সময় কলেজপাড়ায় আচমকাই মুখোমুখি হয়ে যান গৌতম দেব ও শঙ্কর ঘোষ।
তবে সেই সাক্ষাতে সৌজন্যের উষ্ণতা তেমনভাবে ধরা পড়েনি বলেই মনে করছেন প্রত্যক্ষদর্শীরা।
সব মিলিয়ে, সকালের প্রচারেই শিলিগুড়ির রাজনৈতিক ময়দানে উত্তাপ যে ক্রমশ বাড়ছে, তা আরও একবার স্পষ্ট হলো।












































