শিলিগুড়ি: ভোটের আর মাত্র কয়েকদিন বাকি, তার আগেই উত্তরবঙ্গজুড়ে রাজনৈতিক উত্তেজনা ক্রমেই তীব্র হচ্ছে।
শাসক-বিরোধী সব শিবিরই দাপটের সঙ্গে প্রচার চালাচ্ছে বিভিন্ন বিধানসভা কেন্দ্রে।
এরই মধ্যে শিলিগুড়ির ফাঁসিদেওয়া বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী দুর্গা মুর্মুর সমর্থনে আয়োজিত এক জনসভায় উপস্থিত ছিলেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ।
ফাঁসিদেওয়া বিধানসভার অন্তর্গত বাতাসির একটি স্কুল মাঠে অনুষ্ঠিত এই সভাকে কেন্দ্র করে সকাল থেকেই জনসমাগম বাড়তে থাকে।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সভাস্থল কার্যত জনস্রোতে পরিণত হয়, মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনার জন্য উপচে পড়ে ভিড়।
মঞ্চে উঠে তিনি সরাসরি আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে।
বিশেষ করে খাদ্যাভ্যাস সংক্রান্ত বিতর্কের প্রসঙ্গ তুলে তিনি কড়া ভাষায় সমালোচনা করেন বলে জানা যায়।
পাশাপাশি ফাঁসিদেওয়া কেন্দ্রের বিজেপি প্রার্থী দুর্গা মুর্মুর সমর্থনে ভোট দেওয়ার আহ্বানও জানান তিনি।
সভা শেষে আচমকাই হেমন্ত বিশ্বশর্মাকে মঞ্চ থেকে নেমে সাধারণ মানুষের ভিড়ে মিশে যেতে দেখা যায়।
উপস্থিত জনতার সঙ্গে হাত মেলান তিনি ও সংক্ষিপ্ত কথাও বলেন সমর্থকদের সঙ্গে।
পরে হেলিকপ্টারে চড়ে তিনি ফের আসামের উদ্দেশ্যে রওনা দেন।
ভোটের আগে এই জনসভাকে কেন্দ্র করে ফাঁসিদেওয়া বিধানসভা এলাকায় রাজনৈতিক পারদ আরও চড়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।













































