শিলিগুড়ি: বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভোটারদের মধ্যে আস্থা বাড়াতে সক্রিয় হয়েছে প্রশাসন।
উত্তরবঙ্গের প্রথম দফার ভোটের আগে স্পর্শকাতর ও সীমান্তবর্তী এলাকাগুলিতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে।
এই প্রেক্ষিতে শিলিগুড়ির পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা ও জলপাইগুড়ির জেলাশাসক ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের জাবরাভিটা এলাকা সহ ফুলবাড়ির সীমান্তবর্তী বিভিন্ন স্পর্শকাতর বুথ পরিদর্শন করেন।
তারা সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে নির্ভয়ে ভোটদানের বার্তা দেন।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, সীমান্তবর্তী এলাকাগুলিতে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে, যাতে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়।
অন্যদিকে, একই ছবি ধরা পড়ে মাটিগাড়া-নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রেও। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) কাজী শামসুদ্দিন আহমেদের নেতৃত্বে মাটিগাড়া থানার আইসি ও এসিপি (ওয়েস্ট) সাজিদ ইকবালকে সঙ্গে নিয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে বিস্তীর্ণ এলাকায় রুট মার্চ করা হয়।
মাটিগাড়ার একাধিক এলাকায় টহল দিয়ে প্রশাসনের পক্ষ থেকে সাধারণ ভোটারদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দেওয়া হয় – “নির্ভয়ে ভোট দিন, কোনও প্রলোভনে পা দেবেন না।”
পাশাপাশি, ভোটারদের মধ্যে কেউ প্রলোভন পাচ্ছেন কি না বা কোনওরকম চাপ সৃষ্টি করা হচ্ছে কি না, সে বিষয়েও খোঁজখবর নেন প্রশাসনিক আধিকারিকরা।
গ্রামের অলিগলি থেকে সীমান্তবর্তী অঞ্চল – সব জায়গাতেই বাড়ানো হয়েছে নজরদারি।
কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের যৌথ টহলে নিরাপত্তার বলয় আরও মজবুত হয়েছে বলে মনে করছেন প্রশাসনের কর্তারা।
সব মিলিয়ে, ভোটের আগে শুধুমাত্র নিরাপত্তা নয়, ভোটারদের আস্থা অর্জন করাই এখন প্রশাসনের প্রধান লক্ষ্য – এমনটাই স্পষ্ট প্রশাসনের এই ধারাবাহিক উদ্যোগে।













































