দিনহাটা: নির্বাচনকে ঘিরে রাজ্য রাজনীতির পারদ ক্রমশ চড়ছে।
এরই মধ্যে সম্ভাব্য গ্রেফতারির আশঙ্কা প্রকাশ করে প্রশাসনের দ্বারস্থ হলেন উদয়ন গুহ।
সোমবার দিনহাটা মহকুমাশাসকের সঙ্গে দেখা করে নিজের উদ্বেগের কথা তুলে ধরেন তিনি।
উদয়ন গুহর অভিযোগ, ‘ট্রাবল মেকারস’ তালিকায় তৃণমূলের ১০ জন বিধায়কের নাম রয়েছে।
সেই তালিকায় কোচবিহারের পরেশ অধিকারী ও তাঁর নিজের নাম থাকায় জেলা রাজনীতিতে জোর চাঞ্চল্য তৈরি হয়েছে।
তাঁর দাবি, নির্বাচনকে সামনে রেখে পরিকল্পিতভাবে শাসক দলের সক্রিয় নেতাদের গৃহবন্দি বা গ্রেফতার করে ভোটের মাঠ থেকে দূরে সরিয়ে দেওয়ার ছক কষা হচ্ছে।
আরও অভিযোগ, এই ধরনের পদক্ষেপের মাধ্যমে তৃণমূলের নেতা- কর্মীদের মনোবল ভাঙার চেষ্টা করা হচ্ছে।
যাতে তাঁরা সাধারণ ভোটারদের সঙ্গে যোগাযোগ রাখতে না পারেন, সেই উদ্দেশ্যেই এই তালিকা তৈরি হয়েছে বলে দাবি তাঁর।
এই পরিস্থিতিতে সম্ভাব্য গ্রেফতারি এড়াতে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বলেও জানান তিনি।
অন্যদিকে, বিজেপির বিরুদ্ধে নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগও তুলেছেন উদয়ন গুহ।
তাঁর দাবি, বিজেপির পক্ষ থেকে বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের মধ্যে ‘মাতৃশক্তি কার্ড’ বিলি করা হচ্ছে, যা নির্বাচন কমিশনের নিয়মবিরুদ্ধ।
ঘটনাকে কেন্দ্র করে দিনহাটায় রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে।
যদিও এই সমস্ত অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত নির্বাচন কমিশন বা বিজেপির পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি।












































