রহস্যময় পাথরবৃষ্টি, টিনের ছাদে ঢিল পড়ে আতঙ্কে বাসিন্দারা
পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সামনেও অব্যাহত ঘটনা, উৎস অজানা – চাঞ্চল্য এলাকায়
মাথাভাঙ্গা: রাতের অন্ধকার নামলেই টিনের ছাদে আচমকা পাথরের ঢিল – দুদিন ধরে এমনই অদ্ভুত ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে মাথাভাঙ্গা শহরের ১ নম্বর ওয়ার্ডে। রহস্যময় এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা থেকেই কয়েকটি বাড়ির টিনের চালে পাথর পড়তে শুরু করে। প্রথমে বিষয়টি গুরুত্ব দেননি কেউ। অনেকেই ভেবেছিলেন, দুষ্টুমি করে এলাকার কিছু বাচ্চা ঢিল ছুঁড়ছে।
কিন্তু রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঘটনাটি বারবার ঘটতে থাকায় সন্দেহ ও আতঙ্ক বাড়ে।
শনিবার সন্ধ্যাতেও একইভাবে টিনের চালে একের পর এক পাথরের আঘাত পড়তে থাকে।
এতে ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। সবাই রাস্তায় বেরিয়ে এলেও, আশ্চর্যের বিষয় – চারদিক খোলা থাকা সত্ত্বেও কোথা থেকে পাথর ছোঁড়া হচ্ছে, তা কেউ দেখতে পাননি।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মাথাভাঙ্গা থানার পুলিশ।
উপস্থিত ছিলেন টাউনবাবু পিঙ্কি রায়। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরাও। কিন্তু পুলিশের উপস্থিতিতেও বন্ধ হয়নি এই রহস্যময় পাথরবৃষ্টি।
কিছুক্ষণ অন্তর অন্তর টিনের চালে আছড়ে পড়তে থাকে ঢিল।
এলাকার বাসিন্দা আলো দাস জানান, “শুক্রবার সন্ধ্যা থেকে ঢিল পড়ছে। প্রথমে গুরুত্ব দিইনি, কিন্তু শনিবার থেকে পরিস্থিতি ভয়ংকর হয়ে ওঠে। বাচ্চাদের তো বটেই, বড়রাও বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছে। চারদিক থেকে ঢিল আসছে, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না।”
ঘটনায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী পুরো এলাকায় টহলদারি চালাচ্ছে ও ঘটনার উৎস খুঁজে বের করার চেষ্টা করছে। তবে এখনও পর্যন্ত এই রহস্যের কোনও সমাধান মেলেনি।











































