তৃণমূল-বিজেপি দুই পক্ষেরই তৎপরতা – যান্ত্রিক ত্রুটির দাবি
ইভিএম স্ট্রং রুমে ৩৫ মিনিট সিসিটিভি বন্ধ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
ইসলামপুর: নির্বাচন পর্ব চলাকালীনই ইসলামপুর কলেজের ডিস্ট্রিবিউশন কাম রিসিভিং সেন্টার (DCRC) তথা ইভিএম স্ট্রং রুমে প্রায় ৩৫ মিনিট সিসিটিভি ক্যামেরা বন্ধ থাকার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়।
ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থার নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
অভিযোগ, রবিবার সকাল প্রায় ৭টা ৩০ মিনিট থেকে ৮টা ০৫ মিনিট পর্যন্ত DCRC-র সিসিটিভি ক্যামেরা অচল ছিল।
গুরুত্বপূর্ণ এই সময়ে নজরদারি ব্যবস্থায় বিঘ্ন ঘটায় উদ্বেগ ছড়ায় রাজনৈতিক মহল সহ সাধারণ মানুষের মধ্যেও।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জাকির হুসেন।
অন্যদিকে একই ঘটনার খবর পেয়ে ইসলামপুর বিধানসভার বিজেপি প্রার্থী চিত্রজিৎ রায়ও DCRC তথা ইভিএম স্ট্রং রুমে পৌঁছান।
তিনিও পরিস্থিতি পর্যালোচনা করেন।
বিজেপি প্রার্থীর দাবি, কিছুক্ষণের জন্য সিসিটিভি ক্যামেরা বন্ধ হয়েছিল যান্ত্রিক ত্রুটির কারণে।
যদিও এই ঘটনায় প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থার উপর প্রশ্ন উঠছে।
নির্বাচন চলাকালীন এমন গুরুত্বপূর্ণ কেন্দ্রে সিসিটিভি বন্ধ থাকার ঘটনা ঘিরে বিতর্ক আরও জোরদার হয়েছে।
প্রশাসনের তরফে এখনও পর্যন্ত বিস্তারিত কোনও বিবৃতি মেলেনি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।














































