লিলুয়ায় ইভিএম বিভ্রাটে উত্তেজনা, কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জে
হাওড়া: ভোটগ্রহণ চলাকালীন ইভিএম বিভ্রাটকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল হাওড়ার বালী বিধানসভার লিলুয়া এলাকায়।
সোহনলাল দেওরালিয়া বালিকা বিদ্যালয়ে স্থাপিত ১৫১, ১৫২ ও ১৫৩ নম্বর বুথে দীর্ঘক্ষণ ধরে ইভিএম মেশিন বিকল থাকায় ভোটারদের মধ্যে ক্ষোভ তৈরি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বহু ভোটার দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও ভোট দিতে না পেরে ক্ষুব্ধ হয়ে ওঠেন।
তারা পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর কাছে প্রতিবাদ জানান। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে উচ্চপদস্থ আধিকারিকদের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনাস্থল থেকে এক ব্যক্তিকে চ্যাংদোলা করে পুলিশের গাড়িতে তুলতে দেখা যায়, যা নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে পুনরায় ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়।
এদিকে, কিছু স্থানীয় বাসিন্দার অভিযোগ, বাংলা ভাষায় কথা বলার জেরে কেন্দ্রীয় বাহিনীর তরফে আরও মারধরের ঘটনা ঘটে।
যদিও এই অভিযোগের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বর্তমানে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে ও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।













































