শিলিগুড়ি কলেজে কাউন্টিংয়ের আগে ভোর থেকেই ভিড়, কড়া নিরাপত্তায় ঘিরে কেন্দ্রীয় বাহিনী
শিলিগুড়ি: বিধানসভা নির্বাচনের ফল গণনাকে ঘিরে সোমবার ভোর থেকেই শিলিগুড়ি কলেজ চত্বরে দেখা গেল তীব্র ব্যস্ততা।
সকাল সকাল কাউন্টিং হলে প্রবেশের জন্য কলেজ গেটের সামনে তৈরি হয় দীর্ঘ লাইন।
একদিকে ভোট কর্মীরা, অন্যদিকে কাউন্টিং এজেন্ট ও বিভিন্ন প্রার্থীরা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকেন নির্ধারিত সময়ের জন্য।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে গোটা এলাকা জুড়ে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
কলেজ চত্বর ও তার আশেপাশে মোতায়েন করা হয়েছে বিশাল কেন্দ্রীয় বাহিনী।
পাশাপাশি নিয়মিত টহল দিতে দেখা যায় নিরাপত্তারক্ষীদের, যাতে গণনা প্রক্রিয়া নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কঠোর নজরদারির মধ্যেই সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে ভোট গণনার কাজ পরিচালিত হবে।











































