মালদহ: বিধানসভা নির্বাচনের ফল গণনাকে ঘিরে সোমবার সকাল থেকেই মালদহ জেলায় চরম তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে।
গণনা কেন্দ্রগুলির সামনে সাঁজোয়া গাড়ি নিয়ে কড়া নজরদারি চালাচ্ছে কেন্দ্রীয় বাহিনী।
ইতিমধ্যেই কাউন্টিং এজেন্টরা নির্দিষ্ট নিয়ম মেনে গণনা কেন্দ্রে প্রবেশ করতে শুরু করেছে।
জেলায় মোট ১২টি বিধানসভা আসনের জন্য দুটি স্ট্রং রুম তৈরি করা হয়েছে। মালদহ কলেজে রাখা হয়েছে চাঁচল, মালতিপুর, মালদা, ইংলিশ বাজার সহ মোথাবাড়ি কেন্দ্রের ইভিএম।
অন্যদিকে মালদহ পলিটেকনিক কলেজে সংরক্ষিত রয়েছে হরিশ্চন্দ্রপুর, রতুয়া, গাজোল, মানিকচক, মোথাবাড়ি, সুজাপুর এবং বৈষ্ণবনগর কেন্দ্রের ইভিএম।
ভোট গ্রহণের পর ইভিএমগুলি স্ট্রং রুমে সিল করে রাখা হয়েছে এবং বিনা অনুমতিতে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
প্রতিটি স্ট্রং রুমে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে – মূল গেট, মধ্যবর্তী গেট এবং স্ট্রং রুমের বাইরে ২৪ ঘণ্টা মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
পাশাপাশি গোটা এলাকায় সিসিটিভির মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও সেখানে উপস্থিত থেকে বড় স্ক্রিনে সারাক্ষণ পর্যবেক্ষণ করছে।
জেলায় মোট ভোটার সংখ্যা ২৭,৯১,৭৩৬। এর মধ্যে মহিলা ভোটার ১৩,৪৯,৬০৯ ও পুরুষ ভোটার ১৪,৪২,০৬০ জন।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মালদহ কলেজে পাঁচটি ও পলিটেকনিক কলেজে সাতটি বিধানসভা কেন্দ্রের গণনা অনুষ্ঠিত হবে।
সকাল আটটা থেকে প্রথমে পোস্টাল ব্যালট ও ETPBS ভোট গণনা শুরু হবে, এরপর ধাপে ধাপে ইভিএমের ভোট গণনা চলবে।
মোট ২৩৬টি রাউন্ডে সম্পন্ন হবে এই গণনা প্রক্রিয়া। প্রতিটি বিধানসভায় ১৪টি করে টেবিল থাকবে ও প্রায় ১৯ থেকে ২০ রাউন্ড পর্যন্ত গণনা চলবে। দুটি কেন্দ্রে মিলিয়ে প্রায় ৮৫০ জনের বেশি গণনাকর্মী দায়িত্ব পালন করবে।
গণনা কেন্দ্রের নিরাপত্তা আরও জোরদার করতে রাজনৈতিক দলগুলির কর্মীদের জন্য নির্দিষ্ট নিয়ম জারি করা হয়েছে। গণনা কেন্দ্র থেকে প্রায় ১০০ মিটার দূরে অবস্থান করতে পারবেন দলীয় কর্মীরা।
প্রশাসনের দাবি, কঠোর নিরাপত্তা ও স্বচ্ছতার মধ্যেই শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে ভোট গণনা প্রক্রিয়া।












































