বিজয় মিছিলে সংঘর্ষ, তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির
মালদা: বিজয় মিছিলকে কেন্দ্র করে মালদার পুকুরিয়া থানার পরানপুর এলাকায় উত্তেজনা ছড়াল।
বিজেপির অভিযোগ, তাদের বিজয় মিছিলে হামলা চালিয়েছে তৃণমূলের সমর্থকরা।
ঘটনায় মহিলা সমর্থক-সহ একাধিক বিজেপি কর্মী মারধরের শিকার হয়েছেন বলে দাবি।
অভিযোগ, ফলাফল ঘোষণার পর সোমবার রাতে এলাকায় বিজয় মিছিল বের করে বিজেপি।
সেই মিছিল চলাকালীন বাজি ফাটানোকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে বচসা শুরু হয়।
আরো অভিযোগ, মুহূর্তের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ও বিজেপির মিছিলে হামলা চালানো হয়।
বিজেপি সমর্থকদের দাবি, মিছিলে ঢুকে তাদের ওপর চড়াও হয় তৃণমূলের ‘গুন্ডাবাহিনী’।
শুধু পুরুষ কর্মীরাই নন, মহিলা সমর্থকদেরও মারধর করা হয়েছে বলে অভিযোগ।
ঘটনায় ইতিমধ্যেই পুকুরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপি।
মঙ্গলবার সকালে রতুয়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিষেক সিংহানিয়া ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন।
তিনি অভিযোগ করে বলেন, “বিজয়ের আনন্দে শান্তিপূর্ণ মিছিল চলছিল। সেই সময় দুষ্কৃতীরা হামলা চালায়।
মা-বোনদের উপরেও নির্মম অত্যাচার করা হয়েছে। দোষীদের কঠোর শাস্তি দেওয়া হবে।”
অন্যদিকে, অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। জেলা তৃণমূলের সহ-সভাপতি শুভময় বসু বলেন, “দলীয়ভাবে আমরা কর্মী- সমর্থকদের সংযত থাকার নির্দেশ দিয়েছি। মালদা শান্তিপ্রিয় জেলা। বিজেপিরও উচিত তাদের কর্মীদের নিয়ন্ত্রণে রাখা।”
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।












































