শিলিগুড়ি: নির্বাচনী ব্যস্ততা কাটতেই ফের অপরাধ দমনে সক্রিয় হয়ে উঠেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।
শহরের বিভিন্ন এলাকায় ঘটে যাওয়া একাধিক চুরির ঘটনার তদন্তে উল্লেখযোগ্য সাফল্য পেল পুলিশ।
শনিবার সাংবাদিক বৈঠকে ডিসিপি (পূর্ব) রানা মুখার্জি একাধিক মামলার অগ্রগতি ও উদ্ধার হওয়া সামগ্রীর বিস্তারিত তথ্য তুলে ধরেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে শহরে দুটি বড় চুরির ঘটনা ঘটে।
একটি ঘটনায় বিএসএফ ক্যাম্প থেকে কম্পিউটার-সহ গুরুত্বপূর্ণ সরঞ্জাম চুরি হয়। অন্যদিকে, সেবক রোডের মিলিটারি স্টেশন এলাকা থেকে চুরি যায় একটি মোটরবাইক।
ঘটনার তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন তথ্যপ্রমাণ খতিয়ে দেখে পুলিশ ভক্তিনগর থানার কুখ্যাত চোর রাকেশ মিস্ত্রিকে মূল অভিযুক্ত হিসেবে শনাক্ত করে।
কিছুদিন আত্মগোপনে থাকার পর শেষ পর্যন্ত তাকে গ্রেফতার করা হয়।
জেরায় তার কাছ থেকে বিএসএফ ক্যাম্প থেকে চুরি হওয়া সরঞ্জাম ও চুরি যাওয়া বাইক উদ্ধার করেছে পুলিশ।
এছাড়াও, আশিঘর এলাকার একটি বাড়িতে প্রায় সাড়ে চার লক্ষ টাকা নগদ ও সোনার গয়না চুরির ঘটনায় তদন্ত চালিয়ে কুমার রায় নামে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, তার কাছ থেকে প্রায় ৩ লক্ষ ১৫ হাজার টাকা নগদ সহ সমস্ত চুরি হওয়া সোনার গয়না উদ্ধার করা সম্ভব হয়েছে।
ডিসিপি রানা মুখার্জি জানান, তিনটি পৃথক মামলায় অভিযুক্তদের গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হয়েছে।
পাশাপাশি শহরের অন্যান্য তদন্তাধীন মামলাগুলিতেও দ্রুত অগ্রগতি হচ্ছে।
খুব শীঘ্রই বাকি অভিযুক্তদেরও আইনের আওতায় আনা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।












































