শিলিগুড়ি: শিলিগুড়ি পুর নিগমের ৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রামভজন মাহাতোর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে তাঁর ওয়ার্ড অফিস ঘেরাও করল বিজেপি।
শনিবার বিজেপির ৩ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।
এদিন বিজেপি কর্মী-সমর্থকরা প্ল্যাকার্ড হাতে মিছিল করে কাউন্সিলরের অফিসের সামনে জমায়েত হন।
বিক্ষোভকারীদের অভিযোগ, সংশ্লিষ্ট কাউন্সিলর জমি দখল, বেআইনি নির্মাণ সহ তোলাবাজির মতো একাধিক অনিয়মের সঙ্গে জড়িত।
এছাড়াও আবাস যোজনা প্রকল্পে প্রকৃত উপভোক্তাদের বঞ্চিত করে দলীয় কর্মীদের সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগও তোলা হয়।
বিক্ষোভকারীদের দাবি, আবাস যোজনার ঘর বণ্টনে স্বচ্ছতা নেই ও বহু প্রকৃত প্রাপকের নাম বাদ পড়েছে।
পাশাপাশি এলাকায় বিভিন্ন কাজে সাধারণ মানুষের কাছ থেকে বেআইনিভাবে অর্থ আদায়ের অভিযোগও তোলেন তাঁরা।
এইসব অভিযোগের ভিত্তিতে কাউন্সিলর রামভজন মাহাতোর পদত্যাগের দাবি জানিয়ে তাঁর ওয়ার্ড অফিস ঘেরাও করেন বিজেপি কর্মী-সমর্থকরা।
বিক্ষোভস্থলে কিছু সময় উত্তেজনা তৈরি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল।
তবে বিজেপির তোলা অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত কাউন্সিলর রামভজন মাহাতোর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
অভিযোগের সত্যতা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।












































