শিলিগুড়ি: বিধানসভা নির্বাচনে সাফল্যের আবহে শনিবার শিলিগুড়িতে অনুষ্ঠিত হল বিজেপির “অভিনন্দন যাত্রা ও ঐতিহাসিক বিজয় উৎসব”।
শহরের বাঘাযতীন পার্ক থেকে শুরু হওয়া এই বিজয় মিছিলে উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ, বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলার সভাপতি অরুণ মণ্ডল সহ মাটিগাড়া- নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন ও ডাবগ্রাম – ফুলবাড়ি বিধায়িকা শিখা চ্যাটার্জি।
দলীয় পতাকা, আবির, ঢাকের বাদ্যি ও আতশবাজির ঝলকে এদিন উৎসবের আবহে মেতে ওঠে শহরের একাংশ।
বিজেপি কর্মী-সমর্থকদের পাশাপাশি বহু সাধারণ মানুষও এই বিজয় মিছিলে অংশ নেন। শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে মিছিল এগিয়ে যায়।
এদিন নেতৃত্বের বক্তব্যে উঠে আসে উন্নয়ন, সাংগঠনিক ঐক্য ও উত্তরবঙ্গের ভবিষ্যৎ পরিকল্পনার প্রসঙ্গ।
সাংসদ রাজু বিস্তা কর্মী- সমর্থকদের অভিনন্দন জানিয়ে বলেন, মানুষের আশীর্বাদ ও সমর্থনেই এই সাফল্য এসেছে।
অন্যদিকে শংকর ঘোষও দলীয় কর্মীদের ধন্যবাদ জানান ও আগামী দিনে মানুষের পাশে থেকে কাজ করার বার্তা দেন।
দলীয় সূত্রে জানা গিয়েছে, বিজয় উৎসবকে কেন্দ্র করে বিজেপির বিভিন্ন স্তরের নেতা, কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।
পুরো অনুষ্ঠান ঘিরে ছিল উৎসবমুখর পরিবেশ।











































