শিলিগুড়ি: উত্তরকন্যায় মুখ্যমন্ত্রীর দফতরে প্রথম সফরে এসে উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
বুধবার তাঁকে স্বাগত জানান দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী নিশীথ প্রামানিক, শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ, মাটিগাড়া নকশালবাড়ি বিধায়ক আনন্দময় বর্মন সহ একগুচ্ছ বিধায়ক সহ প্রশাসনিক আমলারা।
রাজু বিস্তার দাবি, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন উত্তরকন্যাকে পূর্ণ ক্ষমতাসম্পন্ন প্রশাসনিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য, যাতে উত্তরবঙ্গের বিভিন্ন সমস্যা এখান থেকেই দ্রুত সমাধান করা যায়।
পাশাপাশি মুখ্যমন্ত্রী জানিয়েছেন, উন্নয়নমূলক কাজের অগ্রগতি খতিয়ে দেখতে তিনি প্রতি মাসে উত্তরবঙ্গ সফরে আসবেন।
সাংসদের কথায়, অতীতে শুধুমাত্র নামমাত্র প্রশাসনিক ভবন হিসেবে থাকা উত্তরকন্যাকে এবার কার্যকর সচিবালয়ে পরিণত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
এর ফলে উত্তরবঙ্গের মানুষের জীবনযাত্রা ও ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে আরও সুবিধা মিলবে বলে আশা প্রকাশ করেন তিনি।












































