পলাতক তৃণমূল নেতা কৃষ্ণ দাসের বাড়িতে পুলিশের হানা, উদ্ধার ধারালো অস্ত্র; বাজেয়াপ্ত একাধিক গাড়ি!

জলপাইগুড়ি: প্রাসাদসম বাড়ি, গ্যারেজ ভর্তি দামি গাড়ি।

এবার পলাতক তৃণমূল নেতা তথা জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্রের পরাজিত প্রার্থী কৃষ্ণ দাসের বাড়িতে অভিযান চালিয়ে একাধিক ধারালো অস্ত্র উদ্ধার করল পুলিশ।

পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে একাধিক গাড়িও।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৫ মে ভোটের ফল প্রকাশের পরদিন বারোপেটিয়া এলাকায় বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ ওঠে কৃষ্ণ দাস ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে।

অভিযোগ, নির্বাচনে পরাজয়ের প্রতিশোধ নিতেই ওই হামলা চালানো হয়েছিল।

ঘটনার পর থেকেই কৃষ্ণ দাসের বিরুদ্ধে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়।

তৃণমূলের প্রভাব খাটিয়ে তিনি বিস্তর সম্পত্তি ও প্রভাব বিস্তার করেছেন বলেও অভিযোগ ওঠে।

ইতিমধ্যেই ওই ঘটনার তদন্তে কৃষ্ণ দাসের ঘনিষ্ঠ সহযোগী নন্দন ওরাও-সহ একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

ধৃত নন্দন ওরাওকে হেফাজতে নিয়ে কৃষ্ণ দাসের বাড়িতে তল্লাশি চালায় কোতোয়ালি থানার পুলিশ।

অভিযানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও।

তল্লাশিতে উদ্ধার হয়েছে হামলার ঘটনায় ব্যবহৃত বলে সন্দেহভাজন শোর্ড, রড, খুকরি-সহ একাধিক ধারালো অস্ত্র।

পাশাপাশি বাড়ি থেকে একাধিক গাড়িও বাজেয়াপ্ত করেছেন তদন্তকারী দলের সদস্যরা।

পলাতক কৃষ্ণ দাসের খোঁজে তল্লাশি অব্যাহত রয়েছে।

উদ্ধার হওয়া অস্ত্র ও বাজেয়াপ্ত গাড়িগুলির সঙ্গে হামলার ঘটনার কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

ঘটনাকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here