কলকাতা: ভারত – বাংলাদেশ সীমান্তের সুরক্ষা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার।
বুধবার কলকাতায় আয়োজিত জমি হস্তান্তর সংক্রান্ত এক উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সীমান্তে কাঁটাতারের বেড়া ও অন্যান্য নিরাপত্তা পরিকাঠামো নির্মাণের জন্য বিএসএফের হাতে জমি হস্তান্তর প্রক্রিয়ার সূচনা করেন।
প্রথম পর্যায়ে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের ২৭ কিলোমিটার অংশে নিরাপত্তা পরিকাঠামো গড়ে তুলতে প্রয়োজনীয় জমি বিএসএফের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানান, সীমান্ত সুরক্ষাকে আরও নিশ্ছিদ্র ও শক্তিশালী করতে যেখানে যেখানে জমির প্রয়োজন হবে, সেখানেই রাজ্য সরকার সহযোগিতা করবে।
বৈঠকের পর মুখ্যমন্ত্রী বলেন, সীমান্ত নিরাপত্তা এখন সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার।
অনুপ্রবেশ, চোরাচালান সহ সীমান্ত ঘিরে বিভিন্ন বেআইনি কার্যকলাপ রুখতে দ্রুত কাঁটাতারের বেড়া নির্মাণ জরুরি বলেও তিনি মন্তব্য করেন।
তিনি জানান, আগামী দুই সপ্তাহের মধ্যেই সমস্ত আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে জমি আনুষ্ঠানিকভাবে বিএসএফের হাতে তুলে দেওয়া হবে।
এই উদ্যোগকে তিনি বৃহত্তর সীমান্ত সুরক্ষা প্রকল্পের প্রথম ধাপ বলে উল্লেখ করেন।
পরিসংখ্যান তুলে ধরে মুখ্যমন্ত্রী জানান, পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের মোট প্রায় ২,২০০ কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত রয়েছে।
এর মধ্যে প্রায় ১,৬০০ কিলোমিটার এলাকায় ইতিমধ্যেই কাঁটাতারের বেড়া নির্মাণ সম্পন্ন হয়েছে।
তবে এখনও প্রায় ৬০০ কিলোমিটার সীমান্ত উন্মুক্ত অবস্থায় রয়েছে।
সেই ফাঁক পূরণ করতেই জমি সংক্রান্ত জট দ্রুত কাটানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
রাজ্য সরকারের এই পদক্ষেপকে সীমান্ত সুরক্ষা জোরদারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবেই দেখছে প্রশাসনিক মহল।














































