কোচবিহার: কোচবিহারের রাজকন্যা ও জয়পুরের রাজমাতা গায়ত্রী দেবীর ১০৭তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা ও পরিবেশ সচেতনতার এক অনন্য বার্তা তুলে ধরল আস্থা ফাউন্ডেশন।
কোচবিহার রাজবাড়ির সিংহদুয়ারের সামনে আয়োজিত হয় বিশেষ অনুষ্ঠান।
এদিন গায়ত্রী দেবীর প্রতিকৃতিতে মাল্যদান, ফুল নিবেদন, ধূপকাঠি ও মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানান সংগঠনের সদস্যরা।
অনুষ্ঠানে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।
পথচলতি মানুষও থেমে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাজমাতাকে।
শুধু শ্রদ্ধাজ্ঞাপনেই সীমাবদ্ধ থাকেনি অনুষ্ঠান। গায়ত্রী দেবীর জন্মদিন উপলক্ষে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে এলাকার মানুষ ও পথচলতি ব্যক্তিদের হাতে সবুজ চারা গাছ তুলে দেন আস্থা ফাউন্ডেশনের সদস্যরা।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বহু বছর ধরেই তারা এই দিনটি সামাজিক দায়বদ্ধতার সঙ্গে পালন করে আসছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজকর্মী ও শিক্ষক বিপ্লব তালুকদার, বাইক অক্সিজেন ম্যান শংকর রায় সহ আস্থা ফাউন্ডেশনের সদস্যরা।









































