শিলিগুড়ি: ছাত্রছাত্রীদের অধিকার রক্ষা, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবিতে নতুন কর্মসূচির ঘোষণা করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)।
শুক্রবার শিলিগুড়িতে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে সংগঠনের নেতৃত্ব জানায়, সম্প্রতি ওড়িশার ভুবনেশ্বরে অনুষ্ঠিত জাতীয় কার্যনির্বাহী পরিষদের বৈঠকে গৃহীত চারটি গুরুত্বপূর্ণ প্রস্তাবের ভিত্তিতে সাংগঠনিক কর্মসূচি গ্রহণ করা হবে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলিতে ছাত্রছাত্রীদের জন্য উন্নত পরিকাঠামো, নিরাপত্তা, স্বাস্থ্যকর শিক্ষার পরিবেশ সহ শিক্ষার গুণগত মান বৃদ্ধির দাবিতে আগামী দিনে জোরদার উদ্যোগ নেওয়া হবে।
পাশাপাশি ছাত্রছাত্রীদের বিভিন্ন সমস্যাকে প্রশাসনের নজরে এনে দ্রুত সমাধানের জন্যও পদক্ষেপ করা হবে।
সাংবাদিক বৈঠকে এবিভিপির অন্যতম প্রধান দাবি হিসেবে উঠে আসে ছাত্র সংসদ নির্বাচন।
সংগঠনের অভিযোগ, দীর্ঘদিন ধরে এরাজ্যের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্রভোট না হওয়ায় গণতান্ত্রিক পরিবেশ ব্যাহত হচ্ছে।
তাই অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের দাবিতে রাজ্যের শিক্ষামন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে স্মারকলিপি দেওয়া হবে।
এদিকে আগামী ৯ জুলাই এবিভিপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাজ্যজুড়ে সদস্য সংগ্রহ অভিযান শুরু হবে।
চলতি বছরে পশ্চিমবঙ্গে ১০ লক্ষ সদস্য সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে সংগঠনের দাবি।
উত্তরবঙ্গের জন্য আলাদাভাবে সাড়ে তিন লক্ষ সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
বর্তমানে উত্তরবঙ্গে সংগঠনের প্রায় ৪০ হাজার সক্রিয় সদস্য রয়েছে বলেও জানানো হয়।
সংগঠনের নেতারা জানান, ৯ জুলাই থেকে বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে সদস্য সংগ্রহ অভিযান চালানো হবে।
পাশাপাশি ছাত্রসমাজের বৃহত্তর অংশকে সংগঠনের সঙ্গে যুক্ত করতে বিশেষ প্রচার কর্মসূচিরও আয়োজন করা হবে।
এবিভিপি নেতৃত্বের দাবি, জাতীয় কার্যনির্বাহী পরিষদের বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলিকে সামনে রেখেই আগামী দিনে পশ্চিমবঙ্গের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আরও সক্রিয় ভূমিকা পালন করবে সংগঠন।











































