নাম পরিবর্তনের দাবিতে শহরজুড়ে পোস্টার, আন্দোলনের হুঁশিয়ারি বিশ্ব হিন্দু পরিষদের!

ইসলামপুর: ইসলামপুর শহরের বিভিন্ন অলিগলি, রাস্তার মোড় সহ দেওয়ালে হঠাৎ করেই দেখা গেল একাধিক পোস্টার।

পোস্টারগুলিতে লেখা রয়েছে “অবিলম্বে ইসলামপুরের নাম পরিবর্তন করে ঈশ্বরপুর করা হোক।”

এই পোস্টার ঘিরে রাজনৈতিক ও সামাজিক মহলে শুরু হয়েছে নতুন জল্পনা।

বিশ্ব হিন্দু পরিষদের উত্তরবঙ্গ প্রান্তের সামাজিক সমরসতা অভিযান প্রমুখ গৌরাঙ্গ তলাপাত্র জানান, ইসলামপুরের নাম পরিবর্তন করে ঈশ্বরপুর করার দাবিতে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন।

তিনি বলেন, “এর আগেও মহকুমা শাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়।

সেখানে ইসলামপুরের নাম ঈশ্বরপুর করার পাশাপাশি আলুয়াবাড়ি রেলওয়ে স্টেশনের নামও ঈশ্বরপুর করার দাবি জানানো হয়েছে।

এছাড়াও ইসলামপুরকে পূর্ণাঙ্গ ঈশ্বরপুর জেলা হিসেবে ঘোষণা করার দাবিও তোলা হয়েছে।”

তিনি আরও জানান, দাবিগুলির সমর্থনে শহরজুড়ে পোস্টারিং শুরু হয়েছে।

এদিকে, বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপির উত্তর দিনাজপুর জেলা সহ-সভাপতি সুরজিৎ সেন।

তিনি বলেন, “যদি বিশ্ব হিন্দু পরিষদ এই পোস্টার লাগিয়ে থাকে, তাহলে তাদের দাবি ন্যায্য।

কারণ অতীতে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন ইসলামপুরে জনসভায় এসে ইসলামপুরের নাম ঈশ্বরপুর করার পক্ষে মত প্রকাশ করেছিলেন। এটি বিজেপিরও দাবি।”

পোস্টার ঘিরে ইতিমধ্যেই শহরে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here