ইসলামপুর: একদিকে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ ও পরিবেশ রক্ষার বার্তা, অন্যদিকে তার ঠিক পরদিনই বিদ্যালয় চত্বরে গাছপালা নষ্ট করার অভিযোগ।
এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ইসলামপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের মিলনপল্লী জি এস এফ পি প্রাথমিক বিদ্যালয়ে।
অভিযোগ, গভীর রাতে দুষ্কৃতীরা বিদ্যালয়ের বাউন্ডারির ভিতরে প্রবেশ করে সদ্য রোপণ করা একাধিক চারা গাছ উপড়ে ফেলে।
পাশাপাশি ফুল ও ফলের গাছ ভেঙে দেওয়ার পাশাপাশি কয়েকটি পুরনো গাছও ক্ষতিগ্রস্ত করা হয়েছে বলে দাবি স্কুল কর্তৃপক্ষের।
উল্লেখ্য, পরিবেশ সংরক্ষণের লক্ষ্য নিয়ে সম্প্রতি বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়েছিল।
দীর্ঘদিন ধরে বিদ্যালয়কে সবুজ ও পরিচ্ছন্ন রাখতে শিক্ষক- শিক্ষিকা সহ স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে সৌন্দর্যায়নের কাজও চলছিল।
সেই প্রচেষ্টাতেই বড় ধাক্কা দিল এই ঘটনা।
শনিবার সকালে বিদ্যালয়ে এসে শিক্ষক-শিক্ষিকারা ক্ষতিগ্রস্ত গাছপালা দেখতে পান।
এরপরই বিষয়টি জানাজানি হতেই এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়।
স্থানীয়দের একাংশের অভিযোগ, পরিবেশ রক্ষার সচেতনতা বাড়ানোর সময়ে এই ধরনের ঘটনা শুধু বিদ্যালয়ের সম্পত্তির ক্ষতিই নয়, সমাজের প্রতি একটি নেতিবাচক বার্তাও বহন করে।
এলাকার বাসিন্দারা ঘটনার দ্রুত তদন্ত, দোষীদের চিহ্নিতকরণ ও বিদ্যালয় চত্বরে নিয়মিত নজরদারি ও পুলিশি টহলের দাবি তুলেছেন।
তাঁদের বক্তব্য, ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ রক্ষার শিক্ষা দেওয়ার অন্যতম কেন্দ্র হল বিদ্যালয়।
সেখানে গাছপালা ধ্বংসের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
বিশ্ব পরিবেশ দিবসের পরদিনই সবুজের উপর এই আঘাত পরিবেশপ্রেমী মহলে প্রশ্ন তুলেছে – পরিবেশ রক্ষার বার্তা কি শুধুই আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ, নাকি তা বাস্তব জীবনে রক্ষা করার দায়িত্বও সমাজকে নিতে হবে?











































