‘পরিবেশ রক্ষা একদিনের নয়, প্রতিদিনের দায়িত্ব’
কালিম্পং: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কালিম্পঙের দারা ইকো-ট্যুরিজম কেন্দ্রে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা।
কালিম্পং বন বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মসূচিতে তিনি বৃক্ষরোপণেও অংশ নেন ও পরিবেশ সংরক্ষণের গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন।
সাংসদ বলেন, বিশ্ব পরিবেশ দিবস আমাদের মনে করিয়ে দেয় যে পরিবেশ রক্ষা একটি যৌথ দায়িত্ব।
প্রকৃতি ও পরিবেশের প্রতি যত্নশীল হওয়া শুধু একটি নির্দিষ্ট দিনের কর্মসূচিতে সীমাবদ্ধ থাকা উচিত নয়, বরং প্রতিদিনের অভ্যাস ও অঙ্গীকারে পরিণত হওয়া প্রয়োজন।
তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, জলবায়ু পরিবর্তন, জীব বৈচিত্র্যের ক্ষয়, বায়ু ও জল দূষণ, ক্রমবর্ধমান তাপমাত্রা আকস্মিক বন্যার মতো সমস্যাগুলি এখন আর দূরবর্তী আশঙ্কা নয়।
দার্জিলিং পাহাড়, কালিম্পং, শিলিগুড়ি, তরাই ও ডুয়ার্স অঞ্চলেও অস্বাভাবিক বৃষ্টিপাত, তীব্র গরম, উষ্ণ শীতকাল, দীর্ঘস্থায়ী শুষ্ক আবহাওয়া ও ঘনঘন বন্যা ও ভূমিধসের প্রভাব স্পষ্টভাবে দেখা যাচ্ছে।
প্রতিবছর এই পরিস্থিতি আরও অনিশ্চিত ও ভয়াবহ হয়ে উঠছে বলেও তিনি উল্লেখ করেন।
এদিন ‘এক পেড় মা কে নাম’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ করেন সাংসদ।
তিনি বলেন, একটি গাছ রোপণ শুধুমাত্র পরিবেশ সংরক্ষণের কাজ নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের প্রতি দায়বদ্ধতা ও প্রকৃতির প্রতি কৃতজ্ঞতার প্রতীক।
অনুষ্ঠানের শেষে তিনি সকলকে বন ও জীববৈচিত্র্য সংরক্ষণ, দূষণ হ্রাস সহ দার্জিলিং- কালিম্পংয়ের সমৃদ্ধ প্রাকৃতিক ঐতিহ্য রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান।
ছোট ছোট উদ্যোগ ওল সচেতনতার মাধ্যমে সবুজ, পরিচ্ছন্ন ও টেকসই ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব বলেও তিনি মত প্রকাশ করেন।














































