আবেদন লিখে না দেওয়ায় শিক্ষককে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি সহকারী শিক্ষক!

দিনহাটা: বিদ্যালয়ে সার্টিফিকেট সংক্রান্ত আবেদন লিখে দিতে অস্বীকার করায় এক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে মারধরের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে দিনহাটার খারিজা ফলিমারী এলাকায়।

আহত শিক্ষক মলয় মন্ডল বর্তমানে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গিয়েছে, দিনহাটা-১ নম্বর ব্লকের ওকড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খারিজা ফলিমারী এপি বিদ্যালয়ে শুক্রবার সকালে কয়েকজন স্থানীয় ব্যক্তি বিভিন্ন ধরনের সার্টিফিকেটের দাবিতে বিদ্যালয়ে আসেন।

সেই সময় সহকারী শিক্ষক মলয় মন্ডল তাঁদের নিয়ম মেনে একটি লিখিত আবেদন জমা দেওয়ার পরামর্শ দেন।

অভিযোগ, স্থানীয় ব্যক্তিরা বিদ্যালয় কর্তৃপক্ষকেই আবেদনপত্র লিখে দেওয়ার দাবি জানান।

কিন্তু শিক্ষক তা করতে অস্বীকার করলে বচসার সৃষ্টি হয়। এরপরই তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে।

ঘটনার পর গুরুতর আহত অবস্থায় মলয় মন্ডলকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।

বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

এই ঘটনাকে কেন্দ্র করে শিক্ষক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

শিক্ষকদের একাংশের দাবি, অভিযুক্তদের দ্রুত চিহ্নিত করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষিকাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও উঠেছে।

ঘটনার জেরে ফের শিক্ষাঙ্গনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

বিষয়টি নিয়ে প্রশাসনের হস্তক্ষেপ ও বিদ্যালয়গুলিতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি জানিয়েছেন শিক্ষা মহলের প্রতিনিধিরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here