কলকাতা ও ইসলামপুর: বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে রবিবার রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি কলকাতা থেকে ইসলামপুরেও আয়োজন করা হয় বর্ণাঢ্য সাইকেল র্যালির।
এদিনে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ক্রীড়া প্রতিমন্ত্রী নিশিথ প্রামানিক বিশ্ব সাইকেল দিবসের কর্মসূচিতে অংশ নিয়ে স্বাস্থ্যকর জীবনযাপন ও পরিবেশবান্ধব পরিবহণ ব্যবস্থার গুরুত্ব তুলে ধরেন।
অন্যদিকে, উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে সকালেই ইসলামপুর কলেজের উদ্যোগে একটি সাইকেল র্যালির আয়োজন করা হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন ইসলামপুর কলেজের অধ্যক্ষ ও সমাজসেবী সুরজিৎ সেন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
ইসলামপুর কলেজ প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে শেষ হয় মহকুমা শাসকের দপ্তরের সামনে।
পরিবেশ রক্ষা, দূষণমুক্ত সমাজ গঠন ও সুস্থ জীবনধারার বার্তা ছড়িয়ে দিতেই এই কর্মসূচির আয়োজন করা হয় বলে উদ্যোক্তারা জানান।
র্যালিতে ছাত্র-ছাত্রী, শিক্ষক- শিক্ষিকা, সমাজকর্মীসহ বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অংশগ্রহণকারীদের হাতে সচেতনতামূলক প্ল্যাকার্ড ও ব্যানার লক্ষ্য করা যায়।
বিশ্ব সাইকেল দিবসের এই উদ্যোগ ইসলামপুরে পরিবেশ সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মত প্রকাশ করেন উপস্থিত বিশিষ্টজনেরা।














































