স্কুটিতেই শহর পরিক্রমা, ‘জনসংযোগের বার্তা’ দিলেন নবনিযুক্ত মন্ত্রী শঙ্কর ঘোষ!

শিলিগুড়ি: মন্ত্রীত্বের দায়িত্ব পাওয়ার পর প্রথমবার নিজের শহরে ফিরে জনসংযোগকেই প্রাধান্য দিলেন শিলিগুড়ির বিধায়ক তথা নবনিযুক্ত মন্ত্রী শঙ্কর ঘোষ।

সরকারি প্রোটোকলের পরিবর্তে পরিচিত স্কুটিতে চেপে শহরের বিভিন্ন এলাকা ঘুরে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করতে দেখা গেল তাঁকে।

এনজেপি স্টেশনে পৌঁছানোর পর সরকারি গাড়ি ব্যবহার না করে স্কুটিতে যাত্রা শুরু করেন তিনি।

শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শনের পাশাপাশি পথচলতি মানুষের সঙ্গে কথা বলেন ও তাঁদের শুভেচ্ছা গ্রহণ করেন।

মন্ত্রীকে স্কুটিতে দেখে বহু মানুষ রাস্তায় থেমে তাঁকে অভিনন্দন জানান। বিভিন্ন এলাকায় স্থানীয় বাসিন্দা ও দলীয় কর্মী- সমর্থকদের পক্ষ থেকে সংবর্ধনারও আয়োজন করা হয়।

ফুলের তোড়া ও উত্তরীয় দিয়ে তাঁকে স্বাগত জানানো হয়।

রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, মন্ত্রী হওয়ার পরও সাধারণ মানুষের কাছাকাছি থাকার বার্তা দিতেই এই উদ্যোগ।

শিলিগুড়ির রাজনীতিতে দীর্ঘদিন ধরে ‘মাটির মানুষ’ ইমেজে পরিচিত শঙ্কর ঘোষের এই সফর সেই ভাবমূর্তিকেই আরও জোরদার করেছে।

দিনভর শহরজুড়ে তাঁর এই ব্যতিক্রমী সফর নিয়ে সাধারণ মানুষের পাশাপাশি রাজনৈতিক মহলেও আলোচনা ছিল তুঙ্গে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here