শিলিগুড়ি মহকুমায় দুটি নতুন পৌরসভার দাবি, পৌরমন্ত্রীকে স্মারকলিপি দিলেন আনন্দময় বর্মন!

শিলিগুড়ি: শিলিগুড়ি মহকুমায় নতুন করে শিবমন্দির পৌরসভা ও বাগডোগরা পৌরসভা গঠনের দাবি জানিয়ে রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের হাতে স্মারকলিপি তুলে দিলেন মাটিগাড়া-নকশালবাড়ি কেন্দ্রের বিধায়ক তথা প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন।

বিধায়কের তরফে দেওয়া প্রস্তাবে উল্লেখ করা হয়েছে, দ্রুত নগরায়নের ফলে মাটিগাড়া ও নকশালবাড়ি ব্লকের বিস্তীর্ণ এলাকায় জনসংখ্যা ও বসতি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

অথচ এখনও সেই এলাকাগুলি পঞ্চায়েত ব্যবস্থার অধীনে থাকায় নাগরিক পরিষেবা ও পরিকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে।

প্রস্তাব অনুযায়ী, শিবমন্দির পৌরসভার অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়েছে মাটিগাড়া ব্লকের পাঠরঘাটা, মাটিগাড়া-১, মাটিগাড়া-২, আঠারোখাই ও চম্পাসারি গ্রাম পঞ্চায়েতের একাংশকে।

অন্যদিকে বাগডোগরা পৌরসভার অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে আপার বাগডোগরা, লোয়ার বাগডোগরা এবং গোসাইপুর গ্রাম পঞ্চায়েত এলাকাকে।

স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়েছে, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ, বাগডোগরা বিমানবন্দর, একাধিক বেসরকারি হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, শপিং মল, আবাসন প্রকল্প ও গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা এই অঞ্চলগুলিতে অবস্থিত।

ফলে উন্নত নাগরিক পরিষেবা প্রদানের স্বার্থে পৃথক পৌরসভা গঠন অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠেছে।

বিধায়ক আনন্দময় বর্মন স্মারকলিপিতে বিকল্প প্রস্তাব হিসেবেও শিবমন্দির ও বাগডোগরা- সহ সংশ্লিষ্ট এলাকাগুলিকে শিলিগুড়ি পুর নিগমের আওতায় আনার বিষয়টি বিবেচনার জন্য আবেদন জানিয়েছেন।

স্মারকলিপিতে তিনি দাবি করেন, এতে সাধারণ মানুষ আরও দ্রুত ও উন্নত নাগরিক পরিষেবা পাবেন।

রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রীর কাছে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আবেদন জানানো হয়েছে বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here